KKR-এর মেন্টর হওয়ার দৌড়ে সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার, জেনেনিন তার পরিচয়?

সবশেষ আইপিএলের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। এ নিয়ে তৃতীয়বার শিরোপা উৎসব করেছে দলটি। আইপিএলের ১৭তম আসরে ফ্র্যাঞ্চাইজিটির মেন্টর ছিলেন ভারতের বিশ্বকাপজয়ী ও কলকাতার সাবেক অধিনায়ক গৌতম গম্ভীর। তার হাত ধরেই তৃতীয় শিরোপা জেতে কলকাতা।
সম্প্রতি তিনি ভারত জাতীয় দলের দায়িত্ব নিয়েছেন। ফলে আইপিএলে আর কাজ করা হচ্ছে না তার। গম্ভীর চাকরি ছাড়ায় নতুন মেন্টর খুঁজছে কলকাতা।
ভারতীয় সংবাদ মাধ্যমে বেশ কয়েক দিন ধরেই গুঞ্জন, কলকাতার মেন্টর বা পরামর্শক হওয়ার প্রস্তাব পেয়েছেন রাহুল দ্রাবিড়। তবে নতুন খবর, ভারতকে টি-২০ বিশ্বকাপ জেতানো দ্রাবিড়ের ওপর কার্যত তেমন আগ্রহ নেই কলকাতার।
ভারতীয় সংবাদ মাধ্যমে দাবি, কলকাতার দায়িত্ব নিতে পারেন জ্যাক ক্যালিস। কলকাতার হয়ে ২০১২ এবং ২০১৪ সালে গম্ভীরের অধীনে খেলে শিরোপা জিতেন ক্যালিস। ২০১৫ সালে কলকাতার ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব সামলেছেন এই প্রোটিয়া।
এমনকি ট্রেভর বেলিস দায়িত্ব ছাড়ার পর ২০১৯ সাল পর্যন্ত দলটির হেড কোচও ছিলেন ক্যালিস। এরপর সাউথ আফ্রিকা জাতীয় দলের ব্যাটিং পরামর্শক হিসেবে যোগ দেন তিনি। ক্যালিস কলকাতার হয়ে পরামর্শক হিসেবেই যোগ দিতে পারেন, কেননা দলটির হেড কোচ হিসেবে আগের মতোই বহাল আছেন চন্দ্রকান্ত পণ্ডিত।
প্রসঙ্গত, ক্যারিয়ারে সর্বোচ্চ ৫০৬ পয়েন্ট নিয়ে ওয়ানডের বিশ্বসেরা অলরাউন্ডার ছিলেন ক্যালিস।