বিশেষ: মানুষের মস্তিষ্কের প্রথম স্পষ্ট ছবি দেখে কি বলছে বিজ্ঞানীরা? জেনেনিন বিস্তারিত

বিশ্বের সবচেয়ে শক্তিশালী এমআরআই স্ক্যান ব্যবহার করে মানুষের মস্তিষ্কের সবচেয়ে সূক্ষ্ণ ও স্পষ্ট ছবি তোলা সম্ভব হয়েছে। সেই ছবি প্রকাশ করেছেন ফ্রান্সের অ্যাটমিক এনার্জি কমিশনের (সিইএ) গবেষকরা।
এখন পর্যন্ত দেখা যায়নি- মস্তিষ্কের এমন অনেক সূক্ষ্ণ নালীও স্পষ্ট হচ্ছে এই স্ক্যানারে। নতুন এই সাফল্যে মানুষের রহস্যভরা মন সম্পর্কে আরও নির্ভুল তথ্য পাওয়া যাবে বলে মনে করছেন গবেষকরা। এই স্ক্যানারের প্রধান লক্ষ্য মস্তিষ্কের সামগ্রিক কর্মকাণ্ড বোঝা এবং কোন কাজ করার সময় কোন কোন ক্ষেত্রগুলো সক্রিয় থাকে তা আরও স্পষ্টভাবে দেখা। মস্তিষ্কজনিত নানা জটিলতার চিকিৎসায়ও এটা কাজে আসবে।
ফ্রান্সের পরমাণু শক্তি কমিশনের গবেষকরা এই মেশিন দিয়ে ২০২১ সালে প্রথমে একটি কুমড়া স্ক্যান করেন। স্ক্যানারের শক্তি পরিমাপককে বলা হয় টেসলা। এই স্ক্যানারটি ১১.৭ টেসলার শক্তিশালী চৌম্বকীয় তরঙ্গ তৈরি করতে পারে। সাধারণত হাসপাতালে ব্যবহৃত স্ক্যানার থেকে এটি ১০ গুণ বেশি স্পষ্টভাবে স্ক্যান করতে পারে।
প্রকল্পে কাজ করা পদার্থবিদ আলেকজান্ডার ভিগনাউড জানান, প্যারিসের দক্ষিণে মালভূমি দে স্যাক্লে এলাকায় গত কয়েক মাসে প্রায় ২০ জন সুস্থ মানুষের ওপর ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং (এমআরআই) মেশিনটি পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হয়। মস্তিষ্কের এমন নির্ভুল চিত্র এর আগে কখনো দেখা যায়নি।
সম্প্রতি স্বাস্থ্য কর্তৃপক্ষ গবেষণা সংস্থাটিকে মানুষের মস্তিষ্ক স্ক্যান করার অনুমতি দেয়। ফ্রান্সের রাজধানী প্যারিসের প্লেটো ডি স্যাকলে এলাকাতে অবস্থিত ওই এমআরআই মেশিনে গত কয়েক মাসে ২০ জনের মতো স্বেচ্ছাসেবী নিজেদের স্ক্যান করিয়েছেন। জার্মানি এবং ফ্রান্সের প্রকৌশলীদের দুই দশকের গবেষণার ফল বলা হচ্ছে এই এমআরআইকে।
যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার গবেষকরাও এমন মেশিনে কাজ করছেন। তবে, মানুষের মস্তিষ্কের কোনো ছবি এখনো তারা তোলেননি। বিজ্ঞানীরা ইতোমধ্যে এমআরআই মেশিন ব্যবহার করে দেখিয়েছেন, পরিচিতি মুখ, জায়গা অথবা শব্দ শনাক্ত হলে মস্তিষ্কের কোন ধরনের পরিবর্তন হয়।