SPORTS: “টি-২০তে যেকোনো কিছুই হতে পারে”-ভারতকে হারিয়ে সিরিজ জেতার স্বপ্ন দেখছে জিম্বাবুয়ে

টি-২০ বিশ্বকাপের পরই জিম্বাবুয়ে সফরে গেছে ভারতীয় ক্রিকেট দল। যদিও পাঁচ ম্যাচের সেই টি-২০ সিরিজে বিশ্বকাপের কোন খেলোয়াড় নেই। এদিকে তরুণদের নিয়ে গড়া ভারত এরই মধ্যে সিরিজের প্রথম ম্যাচ হেরেছে।

দ্বিতীয় ম্যাচে অবশ্য ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নিয়েছে শুভমান গিলের দল। তবে সাবেক ক্রিকেটার হ্যামিল্টন মাসাকাদজা মনে করেন, এই সিরিজ জিততেও পারে জিম্বাবুয়ে।

ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচে ১৩ রানে জয় পায় জিম্বাবুয়ে। রোববার (৭ জুলাই) দ্বিতীয় ম্যাচে সহজ জয়ে সিরিজ সমতায় ফেরে ভারত। মাসাকাদজা আশাবাদী, জিম্বাবুয়ে বাকি ম্যাচগুলোতে ইতিবাচক ফল আনবে।

টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে মাসাকাদজা বলেন, ‘টি-২০তে যেকোনো কিছুই হতে পারে, এটাই এর সৌন্দর্য। এটা টেস্ট-ওয়ানডের চেয়ে কিছুটা আলাদা। একজন একাই তার দিনে খেলা ঘুরিয়ে দিতে পারে।’

এরপর তিনি বলেন, ‘টি-২০তে একজন একাই খেলা ঘুরিয়ে দিতে পারে বা ম্যাচ জেতাতে পারে। তাই আমি আমাদের ভালো সুযোগ দেখছি। আমাদের দলটা বেশ তরুণ, এই ফরম্যাট নতুন খেলোয়াড়দের জন্য প্ল্যাটফর্ম হিসেবে তৈরি করছি।’

জিম্বাবুয়ের হয়ে ৬৬ টি-২০ খেলা মাসাকাদজা আরো বলেন, ‘আমার মনে হয় ভারতের এই তরুণ দলের বিপক্ষে আমাদের ভালো সুযোগ আছে। আমরা তাদেরকে চাপে ফেলে ইতিবাচক ফলাফল আনতে মুখিয়ে আছি। আমরা সিরিজ জিততেও পারি।’

আগামী বুধবার (১০ জুলাই) সিরিজের তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে ভারত-জিম্বাবুয়ে। সিরিজের বাকি দুই ম্যাচ ১৩ ও ১৪ জুলাই।