সংসদে বিরোধীদের স্লোগান ‘মণিপুর, মণিপুর’, মোদী কটাক্ষ করলেন ‘বালকবুদ্ধি’ বলে

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঝাঁজালো আক্রমণ শানালেন বিরোধীদের, আরও স্পষ্ট করে বলতে গেলে কংগ্রসকে। নাম না-করে ‘বালকবুদ্ধি’ বলে বিঁধলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকেও।
নমোর কথায়, ‘কংগ্রেস যে দলের সঙ্গে জোট বাঁধে, তাদেরও ভোট কমে যায়। যেখানে কংগ্রেস প্রধান দল ছিল, সেখানে তার স্ট্রাইক রেট ২৬ শতাংশ। যেখানে ওরা কারও সঙ্গী (জুনিয়র পার্টনার) হয়েছে, সে সব রাজ্যে ওদের স্ট্রাইক রেট ৫০ শতাংশ। কংগ্রেস এখন পরজীবী হয়েছে। জোটসঙ্গীদের কাঁধে চড়ে এই আসন পেয়েছে!’
‘শোলে’র ‘মওসি’র প্রসঙ্গ টেনে এনে শ্লেষের সুরে নমো বলেন, ‘কংগ্রেস নেতারা যা বলছেন, তা শোলে ছবিকেও পিছনে ফেলে দিয়েছে। ১৩টি রাজ্যে একটিও আসন পায়নি কংগ্রেস। তাতে কী, হিরো তো আছে!’
প্রধানমন্ত্রী আক্রমণ শানান, ‘একটা শিশু স্কুল থেকে এসে সজোরে কাঁদছে। তার মা-ও ভয় পেয়ে যাচ্ছে। শিশুটি বলছে, স্কুলে আমাকে মেরেছে! এ মেরেছে…ও মেরেছে! কিন্তু বলছে না, সে নিজে কী কী অন্যায় করেছে।’
তাঁর সংযোজন, ‘গতকাল বাচ্চার মতো আচরণ দেখেছি সংসদে। বালকবুদ্ধির বিলাপ চলছিল।’
নমোর কটাক্ষ, ‘জনমত আমাদের পক্ষে গিয়েছে৷ ফলে কিছু মানুষের হারের যন্ত্রণা আমি বুঝতে পারছি।’