বিয়ে করছেন শেহনাজ গিল-রাঘব জুয়েল, জোর গুঞ্জন বলিউডে

‘বিগ বস ১৩’-তে তাঁদের প্রেম শুরু। একটা সময় সিদ্ধার্থ শুক্ল-শেহনাজ গিলের সম্পর্কের কথা সবার মুখে মুখে ফিরত। ২০২১-এ সিদ্ধার্থের আচমকা মৃত্যু। মানসিক দিক থেকে ভেঙে চুরমার শেহনাজ। দীর্ঘ দিন তিনি সিদ্ধার্থের স্মৃতি বয়ে বেড়িয়েছেন। ভেতরে ভিতরে প্রতি মুহূর্তে নিজের সঙ্গে লড়াই করে গিয়েছেন।
ভেতরে-বাইরে ক্রমাগত ভেঙেছেন। তার পরেই হঠাৎ গুঞ্জন, অভিনেত্রী নাকি সঞ্চালক-অভিনেতা রাঘব জুয়ালের প্রেমে পড়েছেন! গুঞ্জন জোরালো হতেই শেহনাজ-রাঘব অবশ্য মুখ খুলেছিলেন। তাঁদের দাবি, প্রেম দূর অস্ত, কোনও রকম সম্পর্কেই নাকি তাঁরা নেই। কেবলই বন্ধু তাঁরা। হালে তাঁদের ঘনিষ্ঠ সূত্র জানাচ্ছে, শেহনাজ-রাঘবের রসায়ন নাকি আারও গাঢ়। সেই গুঞ্জন থেকেই নতুন আলোচনা, এ বার নাকি দু’জনে বিয়ের পিঁড়়িতে বসতে চলেছেন।
শেহনাজ-রাঘবের সম্পর্কের শুরু সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবির প্রচারে। সেই সময় ছবির নায়ক সালমান খান রীতিমতো সমর্থন জানিয়েছিলেন শেহনাজকে। ক্ষুব্ধ ‘ভাইজান’ অভিনেত্রীর অনুরাগীদের কড়া ভাষায় জানিয়েছিলেন, অতীত আঁকড়ে বাঁচা সম্ভব নয়।
শেহনাজও সেটা করবেন না। সিদ্ধার্থও কোনও দিন চাননি, তিনি বেদনা আঁকড়ে বেঁচে থাকুন। শেহনাজকে প্রয়াত অভিনেতা সব সময় হাসিখুশি দেখতে চেয়েছিলেন। সেই জায়গা থেকে অভিনেত্রীর এগিয়ে যাওয়া উচিত। ওই প্রচারেই একাধিক বার রাঘব আর তাঁর চর্চিত প্রেমিকার রসায়ন পাপারাৎজ়িদের ক্যামেরায় ধরা পড়েছিল।
দুই দিকের ঘনিষ্ঠ সূত্র জানাচ্ছে, তাঁদের নিয়ে গুঞ্জন বাড়তেই নাকি যুগলে ঠিক করেন, আগামীতে তাঁরা গোপনে দেখা করবেন। একসঙ্গে কোনও অনুষ্ঠানে যাবেন না। ছবি শিকারিদের ক্যামেরা যাতে তাঁদের বন্দি করতে না পারে, তার জন্যই নাকি এত কিছু। এ ভাবেই তাঁরা মেলামেশা বাড়িয়েছেন। সম্পর্ক জোরালো হয়েছে। গাঢ় হয়েছে রসায়ন। সেই জায়গা থেকেই সম্ভবত এ বার শেহনাজ সংসারী হতে চাইছেন। সব ঠিক থাকলে দুই পরিবারের সম্মতিতেই হয়তো চার হাত এক হবে।