OMG! জালে উঠল ৮২ কেজির আড় মাছ, দাম শুনলে চোখ কপালে উঠবে আপনার

আলিপুরদুয়ারের কুমারগ্রামে সংকোশ নদীতে ধরা পড়েছে ৮২ কেজি ওজনের এক অসাধারণ বাঘা আড় মাছ। জামাই ষষ্ঠীর আগের রাতে মৎস্যজীবীদের জালে ধরা পড়ে এই বিশাল মাছটি।

মাছটির ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই রীতিমতো হইচই পড়ে যায় গোটা এলাকায়। মাছ কিনতে ঢল নামে আলিপুরদুয়ার, কোচবিহার ও নিম্ন অসমের ব্যবসায়ীদের। দাম লাফিয়ে বাড়তে থাকে।

শেষ পর্যন্ত অসমের ধুবড়ির এক মাছ ব্যবসায়ী সর্বোচ্চ ৫৭,৫০০ টাকা দাম দিয়ে কিনে নিয়ে যান এই ‘মনস্টার’ মাছ। তিনিও মুনাফা কামিয়েছেন বিস্তর। ১০০০ টাকা কিলো দরে বিক্রি করেছেন ওই বাঘা আড়।

সাধারণত উত্তরবঙ্গের সিকিম ও ভুটান থেকে নেমে আসা নদীগুলিতে পাওয়া যায় বাঘা আড় মাছ। বৃষ্টিপাত শুরু হলেই প্রজননের জন্য সমতলে নেমে আসে এই প্রজাতির মাছগুলি।

মৎস্যজীবীরা জানাচ্ছেন, সচরাচর এত বড় মাছ জালে ওঠে না। নদীতে জল কম থাকলে কোনও কোনও সময় জালে ওঠে বাঘা আড়। সেক্ষেত্রে দক্ষ মৎস্যজীবী ছাড়া যে কেউ এই ধরনের মাছকে কাবু করতে পারবেন না। আর একবার ধরতে পারলেই বাজিমাত। কারণ এই ধরনের মাছ বিক্রি করে ব্যাপক লাভ হয় মৎস্যজীবীদের।

উল্লেখ্য, এর আগেও সংকোশ নদী থেকে ধরা পড়েছে বাঘা আড়। সেই সময়েও জামাই ষষ্ঠীর আবহেই পাওয়া গিয়েছিল বাঘা আড় মাছ। পরপর দু’দিন দু’টি বাঘা আড় মাছ পাওয়া যায় সংকোশ নদী থেকে। একটি মাছের ওজন ছিল ৮৫ কেজি। সেটি বিক্রি হয়েছিল ৪৮ হাজার টাকায়। অপর মাছটির ওজন ছিল ৬২ কেজি। সেটি বিক্রি হয়েছিল ৩২ হাজার টাকায়।

এই বিশাল বাঘা আড় মাছ জামাই ষষ্ঠীর আনন্দকে আরও বর্ধিত করে তুলেছে। মৎস্যজীবীদের জন্য এটি একটি বড় অর্জন।