OMG! ৬ কোটি টাকার নকল গয়না বিক্রি, বিদেশি মহিলাকে প্রতারণার দায়ে ধৃত ১ জন

এক মার্কিন মহিলা জয়পুরের একটি গয়না দোকান থেকে ৬ কোটি টাকার গয়না কিনে প্রতারিত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। জানা গেছে, ওই মহিলা আমেরিকায় একটি প্রদর্শনীর জন্য গয়না কিনেছিলেন। কিন্তু দেশে ফিরে এসে দেখেন, গয়নাগুলি সব নকল!
প্রতারিত হওয়ার খবর পেয়ে ওই মহিলা জয়পুরে ফিরে এসে দোকানে গিয়ে মালিকদের সাথে কথা বলেন। অভিযোগ, দোকান কর্মীরা তাকে ঠেলে বের করে দিয়ে মিথ্যা মামলার হুমকিও দেন। এরপর বাধ্য হয়ে মার্কিন দূতাবাসের সাহায্য নেন তিনি।
দূতাবাসের হস্তক্ষেপে জয়পুরের মানক চক থানায় মামলা দায়ের করা হয়। পুলিশ তদন্ত শুরু করে জানতে পারে, দোকান কর্মীরা রূপোর গয়নাকে সোনার রঙ করে বিক্রি করেছিল। নকল পাথরকেও হীরে বলে মহিলার কাছে বিক্রি করা হয়েছিল। এমনকি, নকল সার্টিফিকেটও দেওয়া হয়েছিল।
এই মামলায় ইতিমধ্যেই গয়নার সার্টিফিকেট তৈরির জন্য নন্দ কিশোর নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত দোকান মালিক গৌরব ও তার বাবা রাজেন্দ্র সোনিক এখনও পলাতক। তাদের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত গৌরব জয়পুরের সি স্কিম এলাকায় ৩ কোটি টাকার একটি ফ্ল্যাটও কিনেছেন। ঐ টাকাও সে আরেক বিদেশী মহিলার সাথে প্রতারণা করে এসেছে বলে মনে করা হচ্ছে।