‘একদিন আমিও সারেগামাপা-র প্রতিযোগী হয়ে এসেছিলাম, হেরে ভূত হই’ : শেখর রবজিয়ানি

খ্যাতনামা সঙ্গীত পরিচালক শেখর রবজিয়ানি রিয়ালিটি শো ‘সারেগামাপা’-র মঞ্চে ফিরছেন। বহু বছর পর নতুন সিজনের বিচারক হিসেবে তাকে বেছে নেওয়া হয়েছে।
‘সারেগামাপা’ শোটি শেখরের হৃদয়ের খুব কাছের। ২০০৭ সালেও তিনি এই শো-এর বিচারকের আসনে ছিলেন। হিমেশ রেশমিয়া, ইসমাইল দরবার, বাপ্পি লাহিড়ি এবং আদিত্য নারায়ণের সাথে তিনি সেই সময় শো-টি জাজ করেছিলেন।
তবে শেখর শুধু বিচারকই নন, একসময় প্রতিযোগী হিসেবেও ‘সারেগামাপা’-তে এসেছিলেন। ১৯৯৭ সালে তিনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন, তবে হেরে গিয়েছিলেন।
সম্প্রতি এক পডকাস্টে শেখর রবজিয়ানি তার রিয়েলিটি শো অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন। তিনি বলেছেন, এলিমিনেশনের সময়টা খুব কঠিন। তিনি প্রতিযোগীদের সবসময় বলে থাকেন যে এটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে তারা শিখতে পারবে।
শেখর আরও বলেন, “আমার মনে আছে আমি ১৯৯৭ সালে ‘সা রে গা মা পা’-তে অংশগ্রহণ করেছিলাম। আমি গেয়েছিলাম, তবে আমি হেরে গিয়েছিলাম। যেদিন আমি হেরেছিলাম, আমি এই মঞ্চ থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলাম। আর তখন আমি নিজেই নিজেকে বলেছিলাম, আবারও যেন আমি এই মঞ্চে ফিরে আসতে পারি, এই মঞ্চে দাঁড়াতে পারি, যেন বিচারক হিসাবে এই শোয়ে আসতে পারি। আর ২০০৭ সালে, আমি বিচারক হিসাবেই এই শোয়ে ফিরেছিলাম।”
শেখর এই হারকে খুব ইতিবাচকভাবেই নিয়েছিলেন। তিনি বলেন, “মুখে হাসি নিয়েই আমি শো থেকে ফিরে গিয়েছিলাম। তাই আমি হারলেও আমি বিষয়টা ইতিবাচকভাবেই নিয়েছি। প্রতিদিন এটা আমার কাছে একটা শেখার প্রক্রিয়া ছিল।”
শেখর ২০১০ এবং ২০১৮ সালেও একই রিয়েলিটি শো-এর বিচারক হিসেবে ফিরেছিলেন। জো জিতা ওহি সুপারস্টার, ইন্ডিয়ান আইডল জুনিয়র, দিল হ্যায় হিন্দুস্তানি, দ্য ভয়েস ইন্ডিয়া কিডস এবং ওম শান্তি ওম-এর মতো গান গাওয়ার রিয়েলিটি শো-এর বিচারকের হিসাবেও তাকে দেখা গিয়েছে।
জানা যাচ্ছে, এবার ‘সারেগামাপা’ শোটি সেপ্টেম্বরের শেষের দিকে সম্প্রচারিত হবে। আগস্টে এই শো-এর অডিশন শুরু হবে।