“অগ্নিবীর প্রকল্প পুনর্বিবেচনা করা হোক”-NDA-র চাপ বাড়ালেন নীতীশ ঘনিষ্ট নেতা

ভারতের ১৮তম লোকসভা নির্বাচনে টানা তৃতীয়ে মেয়াদে নির্বাচিত এনডিএ জোটের নেতা হিসেবে প্রধানমন্ত্রীর পদে বসতে যাচ্ছেন নরেন্দ্র মোদি। আগামী ৮ জুন তার শপথগ্রহণের সম্ভাব্য সময় ঘোষণা করা হলেও বৃহস্পতিবার তা পিছিয়ে ৯ জুন (রোববার) করার কথা জানানো হয়েছে। ওই দিন স্থানীয় সময় সন্ধ্যায় তিনি ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নতুন মেয়াদের শপথগ্রহণ করতে পারেন।

তবে প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদী আসীন হওয়ার আগেই নীতিশ ঘনিষ্ট বলে পরিচিত JDU নেতা অগ্নিবীর প্রকল্প নিয়ে পুনর্বিবেচনার দাবি তুললেন।

বৃহস্পতিবার এক জনসভা থেকে জেডিইউ নেতা (JDU) কেসি ত্যাগী বলেন, ‘দল সশস্ত্র বাহিনীতে নিয়োগের অগ্নিবীর প্রকল্পের পর্যালোচনা চাইছে। একাধিক রাজ্যে এই প্রকল্পের বিরুদ্ধে তরুণরা প্রতিবাদ দেখিয়েছিলেন। এই প্রকল্পকে নিয়ে ক্ষোভ থাকায় নির্বাচনের ফলাফলে প্রভাব পড়েছে।

তিনি আরও বলেন, ‘বিষয়টির বিরোধিতা করছি না আমরা। তবে যখন এই প্রকল্পটি চালু হয়েছিল, তখন সশস্ত্র বাহিনীর একটি বড় অংশের মধ্যে অসন্তোষ ছিল। তাঁদের পরিবারের সদস্যরাও নির্বাচনের সময় প্রতিবাদ করেছিলেন। তাই বিষয়টি নিয়ে আলোচনা দরকার।’