বিশেষ: ভোটের প্রচার শেষে কন্যাকুমারীতে ধ্যানে বসবেন মোদি, জেনেনিন কেন এই স্থানটি গুরুত্বপূর্ণ

ভারতে একের পর এক দফা পেরিয়ে শেষ দফার ভোটগ্রহণ শনিবার। আজ বৃহস্পতিবার সেই ভোট প্রচারের শেষ দিন। এ কারণে আজ সন্ধ্যায় কন্যাকুমারীতে ধ্যানে বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এর আগে দুবার লোকসভা নির্বাচনের প্রচার শেষে আধ্যাত্মিক সফরে বেরিয়েছিলেন তিনি। ২০১৪ সালের লোকসভা ভোটের প্রচার শেষে গিয়েছিলেন কেদারনাথ। ২০১৯ সালে গিয়েছিলেন মহারাষ্ট্রের প্রতাপগড় দুর্গে। এবার তিনি যাবেন দক্ষিণ ভারতে।

সারা দেশ ঘুরে তামিলনাড়ুর কন্যাকুমারীতে এসেছিলেন বিবেকানন্দ। মূল ভূখণ্ড থেকে ৫০০ মিটার দূরে একটি শিলায় বসে তিন দিন ধ্যান করেছিলেন তিনি। সেখানেই বঙ্গোপসাগর, ভারত মহাসাগর, আরব সাগরের মিলন হয়েছে। মনে করা হয়, সেখানেই আলোকপ্রাপ্ত হন বিবেকানন্দ।

হিন্দু ধর্মে কথিত, যেখানে শিবের জন্য তপস্যা করেছিলেন পার্বতী, সেখানেই রয়েছে ওই শিলা। ওই শিলার ওপর নাকি পার্বতীর পায়ের চিহ্নও রয়েছে। সেই শিলা— ‘ধ্যানমণ্ডপমে’ ধ্যানে বসবেন মোদি।

শনিবার লোকসভা নির্বাচনের শেষ দফার ভোটগ্রহণ। আট রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৫৭টি আসনে ভোটগ্রহণ ওই দিন। ওই দফাতেই ভোট রয়েছে মোদির কেন্দ্র বারানসিতে। ভোট রয়েছে বিহার, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, ঝাড়খণ্ড, হিমাচলপ্রদেশ, উড়িষ্যা ও চণ্ডীগড়ে। এ রাজ্যের ৯ আসন— কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, যাদবপুর, জয়নগর, বসিরহাট, বারাসত, মথুরাপুর, ডায়মন্ড হারবার ও দমদমে ভোট রয়েছে শনিবার। আজ নজর থাকবে দেশজুড়ে শেষ দিনের ভোট প্রচারের দিকে।