নারীশক্তির জয়, ভারতীয় সেনার মেজর রাধিকা সেনকে বিশেষ সম্মান রাষ্ট্রসংঘের

২০১৯ সালে, ভারতীয় শান্তিরক্ষী মেজর সুমন গাওয়ানি জাতিসংঘের ‘জেন্ডার অ্যাডভোকেট অফ দ্য ইয়ার’ পুরস্কার লাভ করে বিশ্বমঞ্চে দেশের সম্মান উজ্জ্বল করেছিলেন। এবার সেই গৌরবের তালিকায় নাম যোগ করেছেন আরেক ভারতীয় নারী, মেজর রাধিকা সেন।

হিমাচল প্রদেশের বাসিন্দা মেজর সেন, গত বছর মার্চ থেকে কঙ্গোতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে (MONUSCO) দায়িত্ব পালন করছিলেন। এপ্রিল মাসে তার মেয়াদ শেষ হলেও, ‘ইন্টারন্যাশনাল ডে অফ ইউএন পিসকিপারস’ উপলক্ষে ২৯ মে তাকে এই সম্মান জানানো হয়।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস মেজর সেনকে এই পুরস্কার দেওয়ার জন্য প্রশংসা করে বলেছেন, “তিনি একজন অনুপ্রেরণাদায়ক নেত্রী যিনি লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়নের জন্য অক্লান্ত পরিশ্রম করে চলেছেন।”

আন্তোনিয়ো গুতেরেস বলেন, ‘মেজর সেন সত্যিকারের একজন লিডার। আমাদের রোলমডেল।’

পুরস্কার পাওয়ার খবরে খুশি বছর একত্রিশের মেজর সেনও। সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এই পুরস্কার আমার কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। অত্যন্ত চ্যালেঞ্জিং পরিবেশে শান্তিরক্ষীদের কঠোর পরিশ্রমের স্বীকৃতি এই পুরস্কার। সমাজে ইতিবাচক পরিবর্তন আনার ক্ষেত্রেও আমাদের ভূমিকা যে নেহাত কম নয়, সেই স্বীকৃতিলাভও যথেষ্ট গুরুত্বপূর্ণ।’

মেজর সেনের অবদান

কঙ্গোতে থাকাকালীন, মেজর সেন স্থানীয় নারীদের ক্ষমতায়নের জন্য বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি ও উদ্যোগ গ্রহণ করেছিলেন। তিনি লিঙ্গ-ভিত্তিক সহিংসতা রোধেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

ভারতের গর্ব

মেজর রাধিকা সেনের এই অর্জন ভারতের জন্য গর্বের। তিনি প্রমাণ করেছেন যে, ভারতীয় নারীরা যেকোনো ক্ষেত্রেই সফল হতে পারেন এবং বিশ্বমঞ্চে দেশের সম্মান উজ্জ্বল করতে পারেন।