রাম মন্দির প্রাঙ্গণে নিষিদ্ধ মোবাইল, একগুচ্ছ নয়া নিয়ম লাগু করলো কর্তৃপক্ষ

শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সাথে আলোচনার পর জেলা প্রশাসন একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, অযোধ্যার রাম মন্দির চত্বরে মোবাইল ফোন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
এই নতুন নিয়মটি 25 মে 2024 থেকে কার্যকর হয়েছে। এর আগে, রাম লালার মূর্তি পুরনো মন্দির থেকে স্থানান্তরের সময় পুরোহিত ও কর্মীদের মোবাইল ফোন রাখার অনুমতি দেওয়া হয়েছিল।
জেলা প্রশাসন এই সিদ্ধান্ত ভক্তদের নিরাপত্তা ও সুবিধার জন্য নিয়েছে বলে জানিয়েছে। মন্দিরের ট্রাস্টি অনিল মিশ্র ভক্তদের প্রশাসনের এই সিদ্ধান্ত মেনে চলার জন্য অনুরোধ করেছেন। তিনি ভক্তদের এই নিয়মের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার এবং ক্লোকরুম সুবিধা গ্রহণ করার জন্য আহ্বান জানিয়েছেন।
মন্দিরের ট্রাস্টি অনিল মিশ্র বলেছেন, ‘আমরা একটি মিটিংয়ে প্রশাসনকে জানিয়েছি। নিরাপত্তা এবং ভক্তদের সুযোগ-সুবিধা দেখে প্রশাসন এবং ট্রাস্ট এই সিদ্ধান্ত নিয়েছে। আমরা সমস্ত ভক্তদরে এই সিদ্ধান্তকে সম্মান করার জন্য আহ্বান করছি। মোবাইল রাখার জন্য আমাদের সম্পূর্ণ সুবিধা রয়েছে। ফোন নিরাপদ থাকবে। আমাদের কাছে যেকোনো মূল্যবান জিনিস নিরাপদে রাখার সুবিধা রয়েছে। ভক্তদের অনুরোধ করা হচ্ছে এই সুবিধাগুলি গ্রহণ করার জন্য এবং ব্যবস্থা বজায় রাখতে সহযোগিতা করার জন্য।’
মন্দির ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাই ‘পরকোটা’ নামে শ্রী রামের মন্দিরের চারপাশে ১৪ ফুট চওড়া নিরাপত্তা প্রাচীর নির্মাণের ঘোষণা করেছেন।