রাশিয়াকে ঠেকাতে ব্লিঙ্কেনের কাছে যা চাইলেন প্রেসিডেন্ট জেলেনস্কি

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন আকস্মিক সফরে ইউক্রেনে গেছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন আকস্মিক সফরে ইউক্রেন পৌঁছেছেন। মঙ্গলবার সকালে পোল্যান্ড থেকে ট্রেনে তিনি কিয়েভ পৌঁছান। গত মাসে ইউক্রেনের জন্য হোয়াইট হাউসে গুরুত্বপূর্ণ সামরিক সহায়তা ছাড় দেওয়ার পর এটাই তার প্রথম সফর। কিয়েভে পৌঁছানোর কিছু পরেই প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে তিনি সাক্ষাৎ করেন। ব্লিংকেন বলেন, কিছু সহায়তা ইতোমধ্যে ইউক্রেনে এসে পৌঁছেছে। আ সহায়তা শিগগিরই আসবে।
জেলেনস্কি মার্কিন সামরিক সহায়তাকে ‘অপরিহার্য’ বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, খারকিভ শহর রক্ষা করতে ইউক্রেনের দুটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জরুরি ভিত্তিতে প্রয়োজন। গত মার্চ থেকে রাশিয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে, যা বিদ্যুৎকেন্দ্রগুলোয় আঘাত হানছে। খারকিভে বেসামরিক মানুষ, যোদ্ধা– সবাই রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার হুমকিতে আছেন। এ কারণে অন্তত দুটি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রয়োজন।
বিবিসি লিখেছে, মার্কিন এক শীর্ষ কূটনীতিক ইউক্রেনকে বলেছেন, যুক্তরাষ্ট্রের সরবরাহ করা নতুন অস্ত্র রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে ‘প্রকৃত ব্যবধান’ তৈরি করবে। এসব অস্ত্রের মধ্যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ভারী অস্ত্র, দূরপাল্লার ক্ষেপণাস্ত্রও রয়েছে।
ইউক্রেনকে সবচেয়ে বেশি ৪৬ দশমিক ২ বিলিয়নের সামরিক সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। সহায়তা দেওয়া দেশগুলোর মধ্যে দ্বিতীয় স্থানে আছে জার্মানি (১০ দশমিক ৭ বিলিয়ন)।
অন্যদিকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ দুই দিনের সফরে বেইজিং যাচ্ছেন। নতুন করে রুশ প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর এটাই তাঁর প্রথম চীন সফর।
চলতি বছর চীন ও রাশিয়া কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৭৫তম বার্ষিকী পালন করতে যাচ্ছে। চীনের বার্তা সংস্থা সিনহুয়া জানায়, সফরকালে দুই প্রেসিডেন্ট দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানো এবং আঞ্চলিক ও বৈশ্বিক সাধারণ বিষয় নিয়ে আলোচনা করবেন।