HOME লোনে কমতে পারে EMI, মুদ্রাস্ফীতি নামতেই আশা বাড়ছে মধ্যবিত্তের

লোকসভা নির্বাচনের মধ্যেই আমজনতার জন্য দারুণ খবর এসেছে। বিশেষ করে হোম লোন নেওয়া ব্যক্তিরা আনন্দিত হতে পারেন। কারণ, লোনের EMI কম হওয়ার সম্ভাবনা রয়েছে।

খুচরো মুদ্রাস্ফীতির রিপোর্ট সামনে আসার পর থেকেই আশায় বুক বাঁধছেন হোম লোন গ্রহীতারা।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, দেশে এপ্রিল মাসে খুচরো মুদ্রাস্ফীতি নেমে এসেছে 4.83 শতাংশে। যা মার্চ মাসে ছিল 4.85 শতাংশ। অর্থাৎ আগের মাসের থেকে সামান্যই কমেছে খুচরো মুদ্রাস্ফীতি।

বিশেষজ্ঞরা বলছেন, খাদ্য দ্রব্যের দামের প্রভাব এবারের মুদ্রাস্ফীতিতে লক্ষ্য করা গিয়েছে।

রেপো রেটের সঙ্গে ব্যাঙ্কের EMI -এর সরাসরি সম্পর্ক রয়েছে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যে সুদের হারে দেশের সরকারি ও বেসরকারি ব্যাঙ্কগুলোকে ঋণ দেয় তাকেই বলে রেপো রেট। এই রেপো রেট কম হওয়ার অর্থ হল ব্যাঙ্কও সাধারণ মানুষের উপর সুদের হার কম করবে। ফলে লোনে কম EMI গুনতে হবে আমজনতাকে।

প্রসঙ্গত, মুদ্রাস্ফীতি টানা দ্বিতীয় মাসে 5 শতাংশের নিচে থাকলেও এটি এখনও RBI- এর সীমা 4 শতাংশের নিচে যায়নি। তবুও বিশেষজ্ঞরা বলছেন, জুনে এমপিসি সভায় আরবিআই যখন রেপো রেট সম্পর্কে সিদ্ধান্ত নেবে, তখন খুচরো মুদ্রাস্ফীতি হ্রাসের কারণে সুদের হারও কমতে পারে।

তবে মুদ্রাস্ফীতি 4 শতাংশের নিচে নামতে সময় লাগবে। তখন লোনে সুদের হার আরও কমতে একটু সময় লাগবে।