সুইগিতে মিলবে এবার বাড়ির রান্না খাবার, দাম থাকবে রেস্তোরাঁর থেকে অনেক কম

সুইগি ডেইলি নামে নতুন পরিষেবার মাধ্যমে ঘরে রান্না করা পুষ্টিকর খাবার সরবরাহ করতে যাচ্ছে জনপ্রিয় ফুড ডেলিভারি সংস্থা সুইগি। প্রায় 4 বছর পর এই পরিষেবা ফেরানো হচ্ছে, যা খুব অল্পদিনের মধ্যেই তুমুল জনপ্রিয়তা পাবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
কী কী সুবিধা?
সুইগি ডেইলির মাধ্যমে গ্রাহকরা কম টাকায় ঘরে রান্না করা পুষ্টিকর খাবারের স্বাদ গ্রহণ করতে পারবেন। অর্ডার করার মাত্র 16 মিনিটের মধ্যে খাবার গ্রাহকের কাছে পৌঁছে দেওয়া হবে। গ্রাহকরা 3 দিন থেকে শুরু করে এক মাসের প্ল্যান বেছে নিতে পারবেন।সুইগি ডেইলিতে নিরামিষ ও আমিষ দু’ধরনের খাবারই পাওয়া যাবে। সুইগি কর্তৃপক্ষ ঘোষণা করেছে যে বাড়িতে রান্না করা খাবারের ক্ষেত্রে তারা তাজা উপকরণ ব্যবহার করবে। খাদ্যদ্রব্যের মান ও স্বাদের দিকে কড়া নজর রাখা হবে।
কোথায় পাবেন?
সুইগি ডেইলি পরিষেবাটি প্রাথমিকভাবে পেইং গেস্ট, হস্টেলের আবাসিক ও অফিস কর্মীদের জন্য চালু করা হবে। পরবর্তীতে এটি সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।
জোম্যাটোর সাথে প্রতিযোগিতা:
বর্তমানে জোম্যাটো “জোম্যাটো এভরিডে” নামে একই ধরণের পরিষেবা চালু করেছে। সুইগি ডেইলির মাধ্যমে তারা জোম্যাটোর সাথে প্রতিযোগিতায় নামবে বলে ধারণা করা হচ্ছে।
সুইগি ডেইলির ফিরে আসা খাদ্যপ্রেমীদের জন্য একটি সুসংবাদ। কম টাকায় ঘরে বসে সুস্বাদু ও পুষ্টিকর খাবার উপভোগ করতে পারবেন গ্রাহকরা।