SPORTS: বেতন কাটার পরামর্শ দিলেন গাভাস্কার, তবুও আইপিএল ছাড়লেন ইংলিশ ক্রিকেটার

বিশ্বকাপ ও দিপাক্ষিক সিরিজের জন্য আইপিএলের খেলা ছেড়ে ক্রিকেটারদের দেশে ফিরে যেতে বলেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। এমন ঘোষণা শুনে বিরক্তই হয়েছিলেন ভারতের প্রাক্তন কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার। পরামর্শ দিয়ে গাভাস্কার বলেছেন, পুরো মৌসুম শেষ না করে যদি কোনো ক্রিকেটার আইপিএল ছেড়ে চলে যায়, তাহলে তাদের বেতন কাটা উচিত।
তবে গাভাস্কারের এই কথায় কান দিচ্ছেন না ইংল্যান্ডের ক্রিকেটার। এরই মধ্যে আইপিএল ছাড়তে শুরু করেছেন তারা। পাকিস্তানের বিপক্ষে ৪ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে দেশে ফিরছেন ইংলিশরা। এছাড়া আইপিএল ছাড়ার অন্যতম কারণ হলো- আগামী ১ জুন থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপের প্রস্তুতি। কারণ, ইংল্যান্ডের বিশ্বকাপ দলের ৮জনই এখন আইপিএলে।
আইপিএলে থাকা ৮ ক্রিকেটারের মধ্যে সবার আগে ইংল্যান্ডের বিমান ধরছেন লিয়াম লিভিংস্টোন। বিশ্বকাপের আগে বিশ্রামের জন্য দেশে ফিরছেন পাঞ্জাব কিংসের এই অলরাউন্টার।
লিভিংস্টোন ইনস্টাগ্রামে লিখেছেন, আইপিএল আরও এক বছর শেষ করেছি। আসন্ন বিশ্বকাপের জন্য আমার একটু বিশ্রাম নিতে হবে। পাঞ্জাব কিংস ভক্তদের তাদের সমস্ত ভালবাসা এবং সমর্থনের জন্য আবারও ধন্যবাদ। দল হিসাবে এবং ব্যক্তিগতভাবে হতাশাজনক মৌসুম। তবে বরাবরের মতো আমি আইপিএলে খেলার প্রতিটি মিনিট উপভোগ করি।
এর আগে মিড ডেতে লেখা কলামে গাভাস্কার দাবি করেছেন, টুর্নামেন্টের মাঝখান থেকে ক্রিকেটারদের দেশে ফিরে যাওয়ার কারণে আইপিএল ক্ষতিগ্রস্থ হয়। যারা আসর শেষ হওয়ার আগেই চলে যাবে, তাদেরকে শাস্তি দেওয়ার পরামর্শ দেন গাভাস্কার। এমনটি বোর্ডকে কমিশন না দেওয়ার পক্ষে ভারতীয় প্রাক্তন ক্রিকেটার।
তার দাবি, বোর্ড তো জেনেশুনেই ক্রিকেটারদেরকে পাঠায়। তারপর আবার বিশ্বকাপ বা দ্বিপাক্ষিক সিরিজের জন্য ক্রিকেটারদের দেশে ফিরে যেতে বলে। যদি তাদের নিয়েই যেতে হয়, তাহলে পাঠানোরই কি দরকার?
মিড ডেতে লেখা কলামে গাভাস্কার বলেন, ‘এখন পর্যন্ত ইসিবি ছাড়া অন্য কোনো বোর্ডের কথা শুনিনি, যারা বিশ্বকাপের প্রস্তুতি ও বিশ্রামের জন্য খেলোয়াড়দের ডেকে নিতে বলছে। নিলাম হওয়ার আগেই বিসিসিআই সব বোর্ডের সঙ্গে খেলোয়াড়দের পুরো মৌসুম পাওয়া নিয়ে কথা বলেছে। কারণ, আইপিএলের কদিন পরই বিশ্বকাপ শুরু হবে, এটা জানা ছিল। বোর্ডগুলোর নিশ্চয়তার পরই বিসিসিআই ফ্র্যাঞ্চাইজিগুলোকে খেলোয়াড়েরা কত দিন থাকবে, জানিয়েছে।’
তিনি আরও বলেন, ‘খেলোয়াড়কে যে টাকা দেওয়া হয়, ফ্র্যাঞ্চাইজিকে সেটা থেকে কাটলেই হবে না, বোর্ডকেও খেলোয়াড় বাবদ পাওনা টাকা দেওয়া যাবে না। বোর্ড প্রত্যেক খেলোয়াড়ের জন্য ১০ শতাংশ করে কমিশন পেয়ে থাকে। বোর্ড পুরো মৌসুম খেলার নিশ্চয়তা দিয়ে থাকলে তাদেরও জরিমানা করা দরকার।’