সিনেমা হলের ভেতরেই চলল গুলি, ‘কেজিএফ ২’ দেখতে গিয়ে গুলিবিদ্ধ এক যুবক

‘কেজিএফ ২’ ঝড়ে কাঁপছে ভারতের সিনেমা অঙ্গন। পুরো ভারতজুড়ে অবিশ্বাস্য সাড়া ফেলেছে সিনেমাটি। মুক্তির পর মাত্র সাতদিনে বিশ্বব্যাপী ৭০০ কোটি টাকার বেশি আয় করে ফেলেছে এটি। হিন্দিতে ‘বাহুবলী ২’ ও ‘দঙ্গল’-এর রেকর্ডও ভেঙে দিয়েছে।

এমন জয়জয়কারের মধ্যেই ঘটল অনাকাঙ্ক্ষিত ঘটনা। ‘কেজিএফ ২’র শো চলাকালীন সিনেমা হলের ভেতরেই চলল গুলি। তাতে এক দর্শক আহত হয়েছেন। ইন্ডিয়ান এক্সপ্রেস খবরটি নিশ্চিত করেছে।

প্রতিবেদনে জানানো হয়, ‘কেজিএফ ২’ সিনেমার মূল অঞ্চল অর্থাৎ কর্ণাটকে এই ঘটনা ঘটেছে। সেখানকার ‘রাজশ্রী’ সিনেমা হলে বন্ধুদের নিয়ে সিনেমাটি দেখতে গিয়েছিলেন বসন্ত নামের এক যুবক। তবে তিনি অন্য আরেকজনের সিটে পা তুলে আরাম করে সিনেমা দেখছিলেন।

এটা মেনে নিতে পারেননি ওই সিটের ব্যক্তি। তিনি বসন্তকে নিষেধ করেন। কিন্তু পা সরাতে নারাজ বসন্ত। এক পর্যায়ে হলের ভেতরেই তাদের মধ্যে হাতাহাতি হয়। এরপর হল থেকে বেরিয়ে যান ওই ব্যক্তি।

সবাই ভেবেছিল, ঘটনা শেষ। এবার সিনেমা দেখা যাক নিশ্চিন্তে। কিন্তু কিছুক্ষণ পর হঠাত ওই ব্যক্তি বন্দুক নিয়ে সিনেমা হলে প্রবেশ করেন এবং গুলি ছোঁড়েন। প্রথমে লক্ষ্যভ্রষ্ট হয়। দ্বিতীয় গুলি ওই যুবক অর্থাৎ বসন্তের গায়ে আঘাত হানে।

এই ঘটনায় মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে সিনেমা হলে। কিছুক্ষণের মধ্যে পুলিশ এসে বসন্তকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। জানা গেছে, তিনি এখন শঙ্কামুক্ত। অন্যদিকে যে ব্যক্তি গুলি চালিয়েছেন, তাকে খোঁজা শুরু করেছে পুলিশ। তিনি কোথায় বন্দুক পেয়েছেন, পূর্বের কোনো শত্রুতা ছিল কিনা, এসবের তদন্ত চলছে।

উল্লেখ্য, ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘কেজিএফ: চ্যাপ্টার ১’ সিনেমার সিকুয়েল ‘কেজিএফ: চ্যাপ্টার ২’। দুটি সিনেমাই নির্মাণ করেছেন প্রশান্ত নীল। মূল চরিত্রে অভিনয় করেছেন কন্নড় সিনেমার তারকা যশ। দ্বিতীয় পর্বে আরও আছেন সঞ্জয় দত্ত, রাভিনা ট্যান্ডন, শ্রীনিধি শেঠি, প্রকাশ রাজ প্রমুখ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *