শিক্ষক হওয়ার স্বপ্ন আর পূরণ হল না! অকালমৃত্যু তরুণ SLST আন্দোলনকারীর

৩২ বছর বয়সী ইমরান হোসেন, যিনি নিউ এসএলএসটি মঞ্চের নেতৃত্বে চার বছর ধরে এসএসসি পরীক্ষার দাবিতে আন্দোলন চালাচ্ছিলেন, রবিবার ভ্যাপসা গরমের জেরেই মারা গেছেন বলে তার পরিবার ও বন্ধুমহল দাবি করেছে।
রবিবার দুপুরে কুশমান্ডির বাড়িতে অসুস্থ বোধ করেন ইমরান।স্থানীয় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ইমরানের মৃত্যুর খবর জানাজানি হতেই সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ করেন অনেকে।আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের একটা বড় অংশ কুশমান্ডিতে ইমরানের বাড়ির উদ্দেশে রওনা দেন।
আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে গণিতে ৯০ শতাংশ নম্বর পেয়ে মাস্টার্স করেছিলেন ইমরান।মেধাবী ছাত্র হিসেবেই পরিচিত ছিলেন।
শুধু নিজের চাকরির কথা ভেবে আন্দোলন শুরু করেননি, লক্ষ লক্ষ বেকারের চাকরির দাবিতে পথে নেমে আন্দোলন করেছিলেন।
একদিকে শিক্ষিত বেকারদের চাকরির নিশ্চয়তা, অন্যদিকে স্কুলে স্কুলে শিক্ষকের অভাব পূরণের দাবিতে লাগাতার আন্দোলন চালিয়ে গিয়েছেন ইমরান।
ইমরানের সহযোগী আন্দোলনকারী তারিক উল আনোয়ার বলেছেন, “সেই আন্দোলন আমরা এগিয়ে নিয়ে যাব।”আরেক সহযোগী আন্দোলনকারী আনন্দ মল্লিক বলেছেন, “ভাবতেই পারছি না যে ও আর নেই।”ইমরানের মৃত্যু চাকরিপ্রার্থীদের আন্দোলনে একটি বড় শূন্যতা তৈরি করেছে।