ডাক্তার পরিচয়ে বিয়ে করতে এলো বর, শেষ মুহূর্তে ফাঁস হলো তার ভুয়ো পরিচয়?

ভুয়ো পরিচয় নিয়ে বিয়ের চেষ্টার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। ধৃত যুবকের নাম বাপি চাঁদপাড়ি। গোটা ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
জানা গিয়েছে, বছর দু’য়েক আগে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জয়পুরের এক নার্সিং পড়ুয়ার সঙ্গে পরিচয় হয় মুর্শিদাবাদের খড়গ্রামের বাসিন্দা বাপি চাঁদপাড়ির। অভিযোগ প্রথম থেকেই নিজেকে এসএসকেএম-এর চিকিৎসক বলে পরিচয় দেয় বাপি। ধীরে ধীরে বাড়তে থাকে উভয়ের আলাপ পরিচয়। ক্রমে তা প্রেমের সম্পর্কে পরিণত হয়। বিয়ের সিদ্ধান্তও নেওয়া হয়।
নির্ধারিত দিনেই বরযাত্রী সহ বিয়ে করতে হাজির হয় বর। বাড়িও আত্মীয়স্বজনে ভর্তি। বরযাত্রীদের খাওয়াদাওয়াও প্রায় শেষের মুখে। অন্যদিকে ছাদনাতলায় বিয়ের কাজও সমানতালে চলছে। এককথায় সবকিছু ঠিকঠাকই চলছিল
এরই মাঝে হঠাৎ বদলে যায় বিয়েবাড়ির ছবিটা। বরযাত্রীদের মধ্যে কেউ একজন মুখ ফসকে বলে ফেলেন বর চিকিৎসক নয়, আদতে সে দুধের ব্যবসা করে। আর সেই কথা পাত্রীপক্ষের কানে পৌঁছতেই শোরগোল পড়ে যায় গোটা বিয়েবাড়িজুড়ে। বিয়ের আসর থেকে উঠে পড়েন পাত্রী। বরযাত্রীরাও যে যেদিকে পারেন চম্পট দেন। কিন্তু পালাতে পারেনি বরবাবাজি। তাকে ধারে রাখেন গ্রামের মানুষজন। একইসঙ্গে খবর দেওয়া হয় জয়পুর থানাতেও। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়েছে।