শিক্ষক বাবাই পথ দেখিয়েছেন, ডাক্তার হয়ে সেবা করতে চান মাধ্যমিকে দ্বিতীয় সাম্যপ্রিয়

আজ প্রকাশিত হয়েছে মাধ্যমিক পরীক্ষার ফলাফল। এদিন সকাল ৯টা ৪৫ মিনিট থেকে অনলাইনে ফলাফল জানা যাবে। এর জন্য রোল নম্বর এবং ডেট অফ বার্থ বা জন্ম তারিখের প্রয়োজন রয়েছে। মধ্যশিক্ষা পর্ষদের তরফে দুটি ওয়েব সাইট চালু রাখা হয়েছে। এগুলো হল www.wbbse.wb.gov.in ও wbresults.nic.in। এই বার মাধ্যমিক পাশ করেছেন ৭ লাখ ৬৫ হাজার ২৫২ জন। পাশের হার ৮৬.৩১ শতাংশ।

শিক্ষক বাবার দেখানো পথে হেঁটে মাধ্যমিকে দ্বিতীয় পুরুলিয়া জেলা স্কুলের ছাত্র সাম্য প্রিয় গুরু। প্রাপ্ত নম্বর ৬৯২।পুরুলিয়া জেলা স্কুলের ছাত্র সাম্যপ্রিয় গুরু জানাচ্ছেন, মাধ্যমিকের কয়েকদিন বাদ দিলে নিয়মিত ক্রিকেট খেলেছে সে এবং তার সঙ্গেই চালিয়ে গিয়েছেন পড়াশোনাও।

সাম্যপ্রিয়র কথায়, ‘পড়াশোনা না করলে কি দ্বিতীয় স্থান পাওয়া যায়!’ এই কৃতী স্পষ্ট জানাচ্ছে, পড়াশোনায় কোনও খামতি রাখেনি সে। নিয়মিত পড়াশোনা চালিয়ে গিয়েছে। তবে টানা বইয়ে মুখ গুঁজে বসে থাকার পক্ষপাতীও সে নয়। সাম্যপ্রিয়র বাবা মা অত্যন্ত খুশি। এই কৃতীর পরিবার জানাচ্ছে, ছেলে বরাবর পড়াশোনায় ভালো। তবে দ্বিতীয় হবে তা আশা করেনি।