বারুদের স্তূপে বাংলা! সন্দেশখালির গোপন ডেরা থেকে উদ্ধার অস্ত্র-বিস্ফোরক

শুক্রবার সন্দেশখালির আগারহাটি গ্রামে তৃণমূলের পঞ্চায়েত সদস্যের ভগ্নিপতির বাড়ি থেকে বিপুল পরিমাণে অস্ত্র ও বোমা উদ্ধার করা হয়েছে। সিবিআই সূত্রে জানা গেছে, মেঝে ভেঙে বিদেশী অস্ত্র, প্যাকেটজাত অস্ত্র এবং বোমা উদ্ধার করা হয়েছে।

গোপন সূত্রে খবর পেয়ে সিবিআই, কেন্দ্রীয় বাহিনী এবং বিদ্যুৎ দপ্তরের কর্মীরা হাফিজুল খাঁর ভগ্নিপতি আবু তালেব মোল্লার বাড়িতে হানা দেন।তল্লাশির সময় বাড়ির মেঝে ভেঙে বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র, প্যাকেটজাত অস্ত্র এবং বোমা উদ্ধার করা হয়।

বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হলেও, এখনও পর্যন্ত স্পষ্ট নয় কেন এই অস্ত্রগুলি বাড়িতে মজুত করা হয়েছিল।এলাকাটি ‘শাহজাহান গড়’ নামে পরিচিত এবং এর আগেও এখানে অবৈধ কার্যকলাপের অভিযোগ উঠেছে।

অস্ত্র ও বোমা উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে এনএসজির কমান্ডোরা। তারা এলাকাটি ঘিরে তল্লাশি শুরু করেছে।একটি বাক্সও উদ্ধার করা হয়েছে যাতে বিস্ফোরক বোমা থাকার আশঙ্কা করা হচ্ছে। এনএসজি বাক্সটি পরীক্ষা করছে।

এই ঘটনা রাজ্যে আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন উত্থাপন করেছে।তৃণমূলের একজন পঞ্চায়েত সদস্যের আত্মীয়ের বাড়ি থেকে এত অস্ত্র ও বোমা উদ্ধার হওয়ায় রাজনৈতিক বিতর্কও শুরু হয়েছে।সিবিআই ঘটনার তদন্ত শুরু করেছে এবং অস্ত্র ও বোমা উদ্ধারের উৎস এবং এতে কারা জড়িত তা খুঁজে বের করার চেষ্টা করছে।