‘মুসলিমদের SC-ST কোটার সুবিধে দিতে চায় কংগ্রেস!’ মোদীর মন্তব্যে ফের বিতর্ক দেশজুড়ে

ভারতে চলমান লোকসভা নির্বাচনের আবহে এবার মুসলিমদের নিশানা করে বক্তব্য দিয়ে কংগ্রেস ও অন্যান্য বিজেপিবিরোধী দলগুলোর তোপের মুখে পড়েছেন প্রধানমন্ত্রী ও ক্ষমতাসীন বিজেপির শীর্ষ নেতা নরেন্দ্র মোদি।
বিজেপিবিরোধী রাজনৈতিক জোট ইন্ডিয়াভুক্ত দলগুলো বলছে, দেশের সংখ্যাগুরু হিন্দু সম্প্রদায়ের ভোট টানতে ইচ্ছাকৃতভাবে সাম্প্রদায়িকতা উস্কে দিচ্ছেন তিনি। বিজেপি থেকে অবশ্য এখন পর্যন্ত এই অভিযোগের কোনো প্রতিবাদ জানানো হয়নি।
মঙ্গলবার রাজস্থানে নির্বাচনী জনসভা থেকে নরেন্দ্র মোদী বলেন, ‘কংগ্রেস SC-ST সংরক্ষণ কমিয়ে তা মুসলিমদের মধ্যে বিলিয়ে দিতে চাইছে।’ ফের একবার এদিন তাঁর মুখে শোনা যায়, দেশের সম্পদ বিলিয়ে দেওয়ার কথা। তিনি বলেন, ‘কংগ্রসকে ভোট দিলে ওরা কিছু নির্দিষ্ট মানুষের মধ্যে আপনার সম্পত্তি বিলিয়ে দেবে। এবার আপনারা ঠিক করুন, সেটি মেনে নেবেন কি না।’
তিনি বলেন, ‘দু’দিন আগে আমি এই রাজস্থান থেকেই বড় সত্য মানুষের সামনে তুলে ধরেছিলাম। কংগ্রেস ষড়যন্ত্র করে আপনাদের থেকে সম্পত্তি ছিনিয়ে নেবে। নির্দিষ্ট কিছু মানুষের মধ্যে সেই সম্পত্তি বিলিয়ে দেওয়া হবে। ওদের রাজনীতি আমি প্রকাশ্যে নিয়ে এসেছি। তাই ওরা আমার উপর রেগে গিয়েছে। মোদীকে গালাগাল করতে শুরু করে দিয়েছে ওরা।’