SPORTS: আইপিএলে প্রথম ক্রিকেটার হিসেবে ধোনির নতুন রেকর্ড, উচ্ছসিত ফ্যানেরা

আইপিএলে নিজের সম্ভাব্য শেষ মৌসুম খেলছেন মহেন্দ্র সিং ধোনি। তবুও খেলতে নামলেই নিত্যনতুন রেকর্ড স্পর্শ করছেন তিনি। সেই ধারাবাহিকতায় নতুন মাইলফলক স্পর্শ করলেন থালা। শুক্রবার লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ৯ বলে ২৮ রান করার পথে নতুন কীর্তি গড়েছেন ৪২ বছরের উইকেটরক্ষক-ব্যাটার।
আইপিএলে এদিন পাঁচ হাজার রান পূর্ণ করেছেন ধোনি। প্রথম উইকেটরক্ষক হিসেবে আইপিএলে এই কীর্তি গড়লেন চেন্নাই সুপার কিংসের সাবেক অধিনায়ক। এই বয়সেও সমান দক্ষতায় খেলছেন তিনি। শেষদিকে নেমে প্রায় প্রতি ম্যাচে ঝোড়ো ইনিংস খেলছেন।

লখনৌয়ের বিরুদ্ধেও ইনিংসের শেষ ওভারে ১৯ রান করেছেন ধোনি। এবারের আইপিএলে এখন পর্যন্ত অপরাজিত ব্যাটার ধোনি। ২৫৫ স্ট্রাইক রেটে এখন পর্যন্ত করেছেন ৮৭ রান।

আইপিএলের শেষ ওভারে সব সময়ই আগ্রাসী মেজাজে দেখা যায় ধোনিকে। এবার দলের ইনিংসের শেষ ওভারে এখনও পর্যন্ত ১৬ বল খেলে ৫৭ রান করেছেন। তার ব্যাট থেকে এসেছে চারটি চার এবং ছ’টি ছয়।

ইনিংসের শেষ ওভারে ধোনির স্ট্রাইক রেট ৩৫৬.২৫। সব মিলিয়ে আইপিএলের শেষ ওভারে ধোনি ৩১৩ বল খেলে করেছেন ৭৭২ রান। ৫৩টি চার এবং ৬৫টি ছয় মেরেছেন। স্ট্রাইক রেট ২৪৬.৬৪।

লখনৌয়ের বিরুদ্ধে দু’টি ছক্কা মেরেছেন ধোনি। তার একটি ১০১ মিটার দূরে গিয়ে পড়েছে। এমন ছয় ধোনি আগেও অনেক মেরেছেন। তবে তিনি পাঁচ হাজার রান পূর্ণ করায় উচ্ছ্বসিত ক্রিকেটপ্রেমীরা।