SPORTS: ধোনি ব্যাটিংয়ে নামার সময় ঘড়িতে ‘নয়েজ এলার্ট’, মাঠেই নামতেই ফ্যানদের তুমুল উন্মাদনা

মহেন্দ্র সিং ধোনি মানেই আলাদা উন্মাদনা। চেন্নাই সুপার কিংসের ইনিংসের শেষ দিকে যখন ব্যাট করতে নামছেন, সে সময় প্রতি ম্যাচেই দর্শকদের চিৎকার মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। তার জনপ্রিয়তা দেখে মুগ্ধ বিদেশি ক্রিকেটাররাও।
শুক্রবার লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ধোনি ব্যাট করতে নামার সময় একানা স্টেডিয়ামে শব্দের মাত্রা ছাড়িয়েছিল ৯৫ ডেসিবেল। টানা ১০ মিনিট এই মাত্রায় শব্দ হলে যেকোনো মানুষ অস্থায়ীভাবে বধির হয়ে যেতে পারেন।
ধোনির জনপ্রিয়তা এবং তাকে নিয়ে ক্রিকেটপ্রেমীদের এই উন্মাদনার প্রমাণ ধরা পড়েছে লখনৌয়ের উইকেটরক্ষক-ব্যাটার কুইন্টন ডিককের স্ত্রী সাসা ডিককের স্মার্ট ঘড়িতে। বিস্মিত সাসা ধোনির ব্যাট করতে নামার সময়ে তার ঘড়ির স্ক্রিনের ছবি তুলে ধরেছেন।
শুধু দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারের স্ত্রী নন, ধোনির তুমুল জনপ্রিয়তায় বিস্মিত নিকোলাস পুরানও। তিনি বলেছেন, ‘শুধু এই মৌসুমে নয়, প্রত্যেক মৌসুমে একই জিনিস দেখছি। ধোনি ব্যাট করতে নামার সময় গ্যালারির দিকে তাকালে মনে হয় হলুদ সমুদ্রের মাঝে রয়েছি।’
পুরান আরো বলেন, ‘এটা একটা অসাধারণ দৃশ্য। ভারতে ধোনি জাতীয় নায়কের সম্মান পায়। ব্রায়ান লারার সঙ্গে খেলার সুযোগ হয়নি আমার। আমাদের দেশে সকলে লারার অন্ধ ভক্ত। তবে ধোনির এই জনপ্রিয়তা দেখাও একটা দুর্দান্ত অভিজ্ঞতা। দারুণ অনুভূতি হয়।’
ওয়েস্ট ইন্ডিজের এ তারকা যোগ করেন, ‘ধোনির মতো ক্রিকেটারের সঙ্গে খেলার সুযোগ পেয়ে আমি গর্বিত। এই মুহূর্তগুলো ভোলা সম্ভব নয়। আমার সন্তানদের জন্য তো বটেই ভবিষ্যতে নাতি-নাতনিদেরও গল্প শোনাতে পারব। না দেখলে বিশ্বাস করা যায় না।’
লখনৌ অধিনায়ক লোকেশ রাহুলও মেনে নিয়েছেন ধোনি ব্যাট করতে নামলে পরিস্থিতি মুহূর্তে বদলে যায়। দলমত নির্বিশেষে দর্শক সমর্থন এমন জায়গায় পৌঁছে যায়, বোলাররা চাপে পড়তে বাধ্য।
রাহুল বলেন, ‘লখনৌয়ে খেলা হয়েছে। অথচ গ্যালারি দেখে মনে হচ্ছিল আমরা মিনি চেন্নাইয়ে খেলছি। একটা সময় মনে হয়েছিল চেন্নাইকে ১৬০ রানের মধ্যে আটকে রাখতে পারব। কিন্তু ধোনি ভাই নামার পর সব হিসাব গুলিয়ে গেছে।’
এরপর তিনি বলেন, ‘আমাদের বোলাররা চাপে পড়ে গিয়েছিল। ধোনি ভাইকে দেখলে প্রতিপক্ষের বোলারেরা কিছুটা ঘাবড়ে যায়। আমাদের তরুণ বোলারদেরও তাই হয়েছিল দর্শকদের প্রবল চিৎকারের মাঝে। তাতে ১৫-২০ রান বেশি খরচ করে ফেলেছে ওরা।’
ধোনিকে নিয়ে উচ্ছ্বসিত রাহুল আরো বলেন, ‘চেন্নাইয়ের বিরুদ্ধে খেলার অভিজ্ঞতা সব সময় আলাদা। আমাদের দলটা তরুণ। অনেকের বয়স কম। এমন দর্শকদের সামনে খেলার সুযোগ পেয়ে সবাই খুশি। এটাও একটা অভিজ্ঞতা।’