ভোটের মাঝেই ভয়ংকর লু! গরম রুখতে কী কী পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী?

দিন দিন বাড়ছে গরম। বাংলা তথা সারাদেশ জুড়ে গরমে নাজেহাল সাধারণ মানুষ। আর এবার লোকসভা ভোটার মাঝেই তীব্র গরমের আশঙ্কা করা হচ্ছে। আর বাড়তে চলা তাপমাত্রা নিয়ে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যে তিনি কর্তৃপক্ষকে এই বিষয়ে এক গুচ্ছ পদক্ষেপ অতি দ্রুত নেয়ার জন্যে নির্দেশ দিয়েছেন।

জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে তাপপ্রবাহ নিয়ে একটি বৈঠক সারেন নরেন্দ্র মোদী। সমস্ত কেন্দ্রীয়, রাজ্যস্তর এবং স্থানীয় প্রশাসনকে গরমের সাথে কিভাবে লড়াই করা যায় সেই বিষয়ে পরামর্শ দিয়েছেন আলোচনায়।

বৈঠকে উপস্থিত এক আধিকারিক বলেন, ‘এপ্রিল থেকে জুন মাসের মধ্যে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হওয়ার আশঙ্কা রয়েছে। এই সময়ের মধ্যে দেশের একাধিক অংশে বইবে লু। মৌসম ভবনের এই আপডেট নিয়ে বিস্তারিত জানানো হয়েছে প্রধানমন্ত্রীকে। তিনি অবিলম্বে প্রয়োজনীয় ওষুধ, তরল পদার্থ, আইস প্যাক, ওআরএস এবং জলের পর্যাপ্ত বন্দোবস্ত রাখার পরামর্শ দিয়েছেন। স্বাস্থ্য ক্ষেত্রগুলিতে পর্যাপ্ত ব্যবস্থা করার কথা বলেছেন তিনি।’

IMD-র পূর্বাভাস, আগামী তিনমাস মারাত্মক তাপপ্রবাহ চলবে দেশজুড়ে। হাঁসফাঁস গরমের মধ্যেই ভোটারদের বুথের সামনে লাইন দিতে হবে।