বাড়তি ভাড়া চাওয়ায় বচসা! যাত্রীদের মারে প্রাণ গেল চালক ও সহকারীর

ঈদের আগে বাড়ি ফেরার জন্য যাত্রীদের ভিড়ে ঠাসা বাস। এর সুযোগে অনেক বাস কোম্পানি অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। এই অতিরিক্ত ভাড়া নিয়ে যাত্রীদের সঙ্গে বচসা হচ্ছে বাসের কর্মীদের। এমনই একটি বচসার জেরে মারধরের শিকার হয়ে মারা গেছেন এক বাসচালক ও তার সহকারী।

ঘটনাটি ঘটেছে গত সোমবার, ঢাকার আশুলিয়ায়। নবীনগর-চন্দ্রা মহাসড়কের ইপিজেড এলাকায় ঢাকা-চন্দ্রা বাসের চালক সোহেল রানা বাবু ও সহকারী হৃদয়কে মারধর করে ২০-৩০ জন যুবক। পরে তাদেরকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

জানা গেছে, ঢাকার মিরপুর থেকে চন্দ্রা পর্যন্ত ভাড়া ৮০ টাকা। কিন্তু ঈদের কারণে যাত্রীদের কাছে থেকে ২০ টাকা অতিরিক্ত সহ ১০০ টাকা নেওয়া হচ্ছিল। এক যাত্রী বাড়তি ভাড়া দিতে অস্বীকার করলে তার সঙ্গে কন্ডাক্টারের বচসা হয়। পরে হৃদয় ওই যাত্রীকে ভাড়া দিতে না বলে জানিয়ে দেন। এতেই ক্ষুব্ধ হন ওই যাত্রী এবং আশুলিয়ায় পৌঁছালে দেখে নেবেন বলে হুমকি দেন।

আশুলিয়ায় পৌঁছালে বাসে ২০-৩০ জন যুবক ওঠে এবং হৃদয়কে বাস থেকে নামিয়ে বাসের পেছনে নিয়ে ইট দিয়ে বুকে আঘাত করে। এছাড়া চালককেও নামিয়ে মারধর করা হয়। এই ঘটনায় চালকের সহকারী ভয়ে দৌড়ে কিছু দূর গিয়ে লুকিয়ে থাকেন। পরে তিনি অন্যদের সাহায্য নিয়ে চালক ও হৃদয়কে হাসপাতালে নিয়ে যান।

এই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান জানান, ঘটনার তদন্ত করে দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে।