“আমাদের দলে ছিল আপদ, আজ বিজেপির সম্পদ”,- নাম না করে নিশীথকে নিশানা মমতার

কোচবিহারে নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি করছেন বড় সভা। আর সেই সভা থেকেই তুলোধোনা করছে বিরোধীদের। তিনি আজ নাম না করে নিশানা করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও এবারের কোচবিহার লোকসভার প্রাথী নিশীথ প্রামানিক কে।
মমতা বলেন, ‘আপনাদের একজন বাবু যার বিরুদ্ধে হাজার হাজার কেস, আমরা দল থেকে তাড়িয়ে দিয়েছি। আমাদের দলে ও ছিল আপদ, আর বিজেপির আজ হয়েছে সম্পদ। শুধু গুন্ডামি করে বেড়ায়। আমি শুনেছি কেন্দ্রীয় সরকারের পুলিশের টুপিও নাকি পরে। আমি ভিডিয়োটা চেয়ে পাঠিয়েছি। ৪-৫ গাড়ি পুলিশ নিয়ে ঘুরে বেড়ায়। ক’দিন আগে উদয়ন গুহকেও অ্যাটাক করেছিল। উদয়ন গুহর গাড়িতে অ্যাটাক হয়েছিল।’
তিনি বলেন, ‘বাবু আমি একটু বলব? তোমার বিরুদ্ধে কী কী কেস আছে? কত কেস আছে? আমি দিয়ে দেব স্থানীয় নেতাদের কাছে। আমার কাথে সব নথিবদ্ধ করা আছে।’
তিনি বলেন, ‘আমাদের প্রার্থী দেখুন জগদীশচন্দ্র বাসুনিয়া, মাটির মানুষ। কোচবিহারের একটা হিরে। কথা কম বলে, কাজ বেশি করে। আর ওদের প্রার্থী, অমাবস্যার কালো ছায়ায় ঢেকে গিয়েছে। মুখগুলো সব, কুৎসিত ভাষা, কুৎসিত কথা, কুৎসিত চক্রান্ত।’
মমতা বলেন, ‘যাঁর বিয়ে তিনি নিজেই পুরোহিত, কেন্দ্রীয় সরকার সংবিধান মানে না, এরা মারলে দোষ নয়, এরা গ্রেফতার করলেও দোষ নেই, কেউ মাথা নত করবেন না, ওদের শিক্ষা দেওয়া দরকার আছে।’
তৃণমূল প্রার্থী জগদীশচন্দ্র বাসুনিয়াকে ভোট দেওয়ার আবেদনও জানান মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বলেন, ‘আমার মুখটা মনে করবেন, আর একটা করে ভোট দেবেন।’