“ফল ভোগের জন্য তৈরি থাকুন”-ক্ষমা চেয়েও সুপ্রিম ভর্ৎসনার মুখে যোগ গুরু রামদেব

পতঞ্জলির বিভ্রান্তিকর বিজ্ঞাপন প্রচারের অভিযোগে মঙ্গলবার বাবা রামদেবকে কড়া ভর্ৎসনা ও হুঁশিয়ারি দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত রামদেবকে ‘ফল ভোগ করার জন্য তৈরি থাকার’ কথাও জানিয়েছে।

এই মামলায় এর আগে রামদেবকে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই নির্দেশ মেনেই মঙ্গলবার রামদেব ও তাঁর সহযোগী আচার্য বালকৃষ্ণ হাজিরা দেন শীর্ষ আদালত।

তবে নিজে সুপ্রিম কোর্টে এসে ক্ষমা চেয়েও পার পেলেন না বাবা রামদেব। পতঞ্জলির বিভ্রান্তিকর বিজ্ঞাপন মামলায় শীর্ষ আদালত তাঁকে তুমুল ভর্ৎসনা করে।

এমনকী আদালতে মিথ্যা কথা বলায় রামদেব ও পতঞ্জলি আয়ুর্বেদ লিমিটেড ও সংস্থার অধিকর্তা আচার্য বালাকৃষ্ণনের বিরুদ্ধে মামলা শুরু করার হুঁশিয়ারিও দেয় সুপ্রিম কোর্ট।

যোগগুরুর আইনজীবী হাত জোড় করে আদালতকে বলেন, ‘আমরা ক্ষমা চাইতে চাই এবং আদালত যা বলবে তা মানতে প্রস্তুত।’ এর পরেই সুপ্রিম কোর্ট মন্তব্য করে, ‘ফল ভোগ করার জন্য তৈরি থাকুন।’

এছাড়াও শীর্ষ আদালত কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে। মঙ্গলবার যখন শীর্ষ আদালত মন্তব্য করে, ‘যখন পতঞ্জলি চারদিকে গিয়ে বলেছিল অ্যালোপথি ওষুধ কোভিড সারাতে পারবে না তখন কেন কেন্দ্রীয় সরকার চোখ বন্ধ করে রেখেছিল?’

বিরক্তির সুরে তাঁরা বলেন, ‘দেশবাসীকে বিভ্রান্ত করা সত্ত্বেও চোখ বন্ধ করে রয়েছে সরকার।’