OMG! ২৩৮ বার নির্বাচনে হেরেও ফের প্রার্থী হচ্ছেন তিনি! জেনেনিন এই ‘লড়াকু’-র পরিচয়

২৩৮ বার নির্বাচনে লড়ে প্রত্যেকবারই হয়েছেন ব্যর্থ। এরপরও নির্বাচনবিমুখ হননি। বরং আবার প্রস্তুতি নিচ্ছেন নির্বাচনে লড়ার। ঘটনাটি ভারতের তামিলনাড়ুর মেতুর জেলার।
জেলাটির বাসিন্দা ৬৫ বছর বয়সী পদ্মরাজন ১৯৮৮ সাল থেকে নির্বাচনে লড়া শুরু করেন। প্রথমবার যখন তিনি নির্বাচনে লড়ার ঘোষণা দেন, তখন সবাই হেসেছিল। কিন্তু তিনি তার জায়গায় অটল ছিলেন। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, পদ্মরাজন ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ি ও মনমোহন সিংয়ের বিরুদ্ধে লড়েছেন। কংগ্রেসের নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধেও নির্বাচন করেছেন তিনি।

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, সবাই জয় নিয়ে ভাবলেও পদ্মরাজনের এই ভাবনা নেই। তিনি বলেন, ‘সবাই জয় চাইলেও আমি চাই না।’ তার মতে নির্বাচনে অংশ নেয়াই বড় জয়। তিনি হেরেও খুশি। আর তাই ভারতের আসন্ন লোকসভা নির্বাচনে অংশগ্রহণ করতে চান তিনি।

‘ইলেকশন কিং’ বলে পরিচিত পদ্মরাজন আগামী ১৯ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া লোকসভা নির্বাচনে তামিলনাড়ুর ধর্মপুরি লোকসভা আসন থেকে নির্বাচন করতে চান।

তিন দশকেরও বেশি সময় ধরে নির্বাচন করতে গিয়ে জামানতসহ অন্যান্য ফি দিতে গিয়ে তাকে বিপুল পরিমাণ অর্থ খরচ করতে হয়েছে। পদ্মরাজনের অনুমান তিনি নির্বাচনে অন্তত কয়েক হাজার ডলার ব্যয় করেছেন স্রেফ মনোনয়নপত্র কেনার জন্য।

সবার ধারণা পদ্মরাজন কোনো নির্বাচনে জিতলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশি বার ব্যর্থ হওয়া ব্যক্তিটি জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার রেকর্ড গড়বেন। তবে এখনো তেমন কোনো সম্ভাবনা নেই বললেই চলে।

এ পর্যন্ত নির্বাচনে পদ্মরাজনের সবচেয়ে ভালো ফলাফল হলো ২০১১ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচন। সে নির্বাচনে তিনি ৬ হাজার ২৭৩ ভোট পেয়েছিলেন যা বিজয়ী প্রার্থীর চেয়ে অন্তত ৭৫ হাজার ভোট কম।

সূত্র: এনডিটিভি