দিলীপের পর এবার অভিজিৎ! মুখ্যমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্য, কমিশনে গেল তৃণমূল

সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ভিডিয়োতে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে হচ্ছে মৃত্যুঘন্টা বেজে গিয়েছে, মনে হচ্ছে।’ এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসের তরফে বলা হয়, ‘মুখ্যমন্ত্রীর মৃত্যু কামনা! এটাও কি সম্ভব? আমরা স্তম্ভিত!’
যে ব্যক্তি কিছুদিন আগেও বিচারপতির আসনে আসীন ছিলেন, বিজেপিতে যোগ দিয়েই যিনি লোকসভা নির্বাচনের প্রার্থী হয়েছেন, সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ই প্রকাশ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর ভবিষ্যদ্বাণী করলেন! এক্স হ্যান্ডেলের ওই বার্তায়, তৃণমূল লেখে, ‘ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটু ভেবে দেখুন, আপনার পরিবারে কাদের সামিল করছেন আপনি?’’
অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের মন্তব্যের বিষয়টি নিয়ে রাজ্যের মন্ত্রী শশী পাঁজা বলেন, ‘বিজেপি নেতানেত্রীদের রাজনৈতিক সৌজন্যবোধ যে হারে তলানিতে গিয়ে ঠেকছে, তা সত্যিই লজ্জার! বাংলার মানুষই এর জবাব দেবেন! মুখ্যমন্ত্রীর মৃত্যুর ভবিষ্যদ্বাণী করে তমলুকের বিজেপি প্রার্থী, অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে নক্কারজনক মন্তব্য করেছেন, তার ধিক্কার জানাই।’