জম্মু ও কাশ্মীর থেকে AFSPA প্রত্যাহারের ভাবনা কেন্দ্রের, বড় ঘোষণা অমিত শাহের

লোকসভা ভোটের মুখে বড় ঘোষণা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। একটি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে তিনি বলেন, ‘জম্মু ও কাশ্মীর থেকে ADSPA আইন তুলে দেওয়ার ভাবনাচিন্তা রয়েছে কেন্দ্রের।’

অমিত শাহ বলেন, ‘আমাদের পরিকল্পনা রয়েছে জম্মু ও কাশ্মীর থেকে সেনা সরিয়ে নেওয়ার। ভূস্বর্গের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব দেওয়া হবে জম্মু ও কাশ্মীর পুলিশের উপর। এর আগে এই পুলিশের উপর একলা দায়িত্ব দেওয়ার নিয়ে ভরসা ছিল না কেন্দ্রের। তবে বর্তমানে অধিকাংশ অপারেশনে জম্মু ও কাশ্মীর পুলিশই নেতৃত্ব দিচ্ছে। তারাই অগ্রগামী ভূমিকা নিয়েছে।’ এরপরই তাঁর সংযোজন, ‘আমরা AFSPA আইন তুলে নেওয়ারও ভাবনাচিন্তা করছি।’

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা BJP-র গান্ধীনগরের লোকসভা প্রার্থী বলেন, ‘সেপ্টেম্বর মাসের আগেই জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচন হবে। সেখানে গণতন্ত্র রক্ষা করা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একমাত্র প্রতিশ্রুতি। সে প্রতিশ্রুতি তিনি পূরণ করবেনই। কোন তিন পরিবারের হাতে গণতন্ত্র থাকবে না। প্রত্যেক মানুষের গণতান্ত্রিক অধিকার রয়েছে।’

তিনি বলেন, ‘আবদুল্লাহ এবং মেহবুবার সময় একাধিক ভুয়ো এনকাউন্টার হত। গত পাঁচ বছরে জম্মু ও কাশ্মীরে একটিও ভুয়ো এনকাউন্টার হয়নি। বরং যারা এই ধরণের কাজে জড়িতে ছিলেন তাদের বিরুদ্ধে FIR দায়ের করা হয়েছে। আমরা কাশ্মীরের যুব সম্প্রদায়ের সঙ্গে কথা বলব। কোনও সংগঠন, যাদের সঙ্গে পাকিস্তানের যোগসাজশ রয়েছে, তাদের গুরুত্ব দিতে আগ্রহী নই। ৪০ হাজার যুবর মৃত্যুর জন্য এরাই দায়ী।’