“একদিনও ডায়মন্ডহারবারে পা রাখব না”-সংবাদমাধ্যমে অভিজিৎকে খোলা চ্যালেঞ্জ অভিষেকের

নির্বাচনী এলাকা ডায়মন্ডহারবার কেন্দ্র নিয়ে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি নিজেই।

সংবাদমাধ্যমের এক অনুষ্ঠানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হয়, ‘অভিজিৎ গঙ্গোপাধ্যায় সম্প্রতি বলেছেন, দুই দুবৃত্তের সাহায্যে আপনি ডায়মন্ডহারবার কেন্দ্রে ভোট জেতেন। তাদের তুলে নিলে খেলা শেষ।’?

অভিষেক বলেন, ‘আমি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে হাতজোড় করে বলব, আপনি আমাকে গ্রেফতার করান। আমি একদিনও ডায়মন্ডহারবারে পা রাখব না। আর বিরুদ্ধে আপনি দাঁড়ান। তারপর মানুষের দরবারে বিচার হোক। আপনি তো আদালতে বসে রায় দিয়েছেন, বিজেপির কথা শুনে, যা বলেছে, আপনি তাই করেছেন। আজকে মানুষ বুঝতে পারছে, আপনি বিচার ব্যবস্থাকে নিয়ে ছিনিমিনি খেলেছেন। আপনি ২০০ দুবৃত্তকে তুলুন, যাকে ইচ্ছা তুলুন। পরবর্তীকালে জেনে নিতে হবে, যদি নির্বাচন চলাকালিন এই ঘটনাগুলি ঘটে, তাহলে কোথা থেকে প্ল্যানিং হয়েছে, আর কী হয়েছে, সেটাও পরিষ্কার হয়ে যাবে মানুষের কাছে।’

অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও বলেন,’ পয়লা জুন ডায়মন্ডহারবারে ভোট। পয়লা জুন পর্যন্ত আমাকে গ্রেফতার করে রাখুন, আমি একদিনও ডায়মন্ডহারবারে পা রাখব না। নির্বাচন কমিশনকে গিয়ে অর্ডার করান, গৃহবন্দি করে রাখুন, বিরুদ্ধে আপনি দাঁড়ান। মানুষের দরবারে লড়াই হোক, দেখি মানুষ কার সঙ্গে।’

অভিষেক আরও বলেন, ‘গণতন্ত্রে সবচেয়ে ক্ষমতাশালী মানুষ। যেদিন মানুষ চাইবে না, সেদিন হাজার চেষ্টা করেও নরেন্দ্র মোদীকে তাঁর লোকসভা থেকেই জেতান যাবে না। বুদ্ধদেব ভট্টাচার্য হেরেছেন, অসীম দাশগুপ্ত হেরেছেন, নিরুপম সেন হেরেছেন, সূর্যকান্ত মিশ্র হেরেছেন। কোনওদিন কেউ স্বপ্নে ভেবেছিল বুদ্ধদেব ভট্টাচার্যের মতো নেতা হেরে যাবেন! আমি সেই কারণেই মানুষকে বলি, আপনারা আপনাদের অধিকারকে সামনে রেখে ভোটাধিকার প্রয়োগ করুন।’

Editor001
  • Editor001