বিশেষ: ৪৯৫ বছর পর অযোধ্যার রাম দরবারে দোল! রামলালার জন্য আসছে বিশেষ আবির

মাত্র কয়েকদিন বাকি দেশজুড়ে রঙের উৎসব দোল পালিত হবে। এই উৎসবের আনন্দ থেকে বঞ্চিত হবেন না স্বয়ং রামলালাও। ৪৯৫ বছর পর অযোধ্যার রাম দরবারে হোলি খেলা হবে।

কাচনার ফুলের আবির দিয়ে হোলি খেলবেন রামলালা। দেশের বিখ্যাত বিজ্ঞানীদের তত্ত্বাবধানে কাচনার ফুল থেকে এই আবির তৈরি করা হয়েছে। রাম মন্দিরের পুরোহিত সত্যেন্দ্র দাস জানান, এবার রাম ভক্তরাও রামলালার সঙ্গে হোলি খেলার সুযোগ পাবেন।

রামলালার জন্য নতুন পোশাক এবং ৫৬ ধরনের পদ প্রস্তুত করা হয়েছে। আবির নিবেদনের মাধ্যমে উদযাপিত হবে দোল উৎসব। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, ভগবান রামের উদ্দেশ্যে যে আবির নিবেদন করা হবে তার বিশেষ গুণাগুণ রয়েছে।

কাচনার ত্রেতাযুগ থেকেই অযোধ্যার ‘রাজ্য বৃক্ষ’ হিসেবে বিবেচনা করা হত। আয়ুর্বেদেও এর বিশেষ গুরুত্ব রয়েছে। গোরখপুর মন্দিরে দেওয়া ফুল থেকে তৈরি করা হয়েছে এই ভেষজ আবির। পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে বোঝা গিয়েছে এই ভেষজ আবির মানুষের ত্বকের জন্য নিরাপদ।

কাচনার ফুল থেকে তৈরি এই ভেষজ আবির ল্যাভেন্ডার ফ্লেভারের। এই ভেষজ আবিরের সঙ্গে মেশানো হয়েছে চন্দন কাঠ। এই আবিরের অবশ্য সীসা, ক্রোমিয়াম এবং নিকেলের মতো রাসায়নিক ব্যবহার করা হয়নি। এছাড়াও এতে রয়েছে অ্যান্টি-ইনফ্লেমেটরি, অ্যান্টি-ব্যাকটেরিয়াল, অ্যান্টি-ফাঙ্গাল ইত্যাদি বৈশিষ্ট্য।

এই বছরের দোল উৎসব অযোধ্যায় বিশেষভাবে উদযাপিত হবে। রামলালার সঙ্গে হোলি খেলার সুযোগ পাওয়ায় রাম ভক্তরা আনন্দিত।