পাকিস্তানে বাড়ছে দারিদ্রর হার! বিদেশে ভিক্ষাবৃত্তির দায়ে গ্রেফতার ৯০%-ই পাক নাগরিক

পাকিস্তানের (Pakistan) নাগরিকদের বিদেশে, বিশেষ করে সৌদি আরব (Saudi Arabia), ইরান (Iran), এবং ইরাকের (Iraq) মতো দেশগুলিতে ভিক্ষাবৃত্তি করতে যাওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে পাকিস্তানের সেনেট স্ট্যান্ডিং কমিটি। সূত্রের খবর, এই দেশগুলিতে তীর্থযাত্রীর ভিসা নিয়ে ভিক্ষাবৃত্তি করতে যাচ্ছে পাকিস্তানি নাগরিকরা।

পাকিস্তানি সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুসারে, বিদেশে ভিক্ষাবৃত্তি করতে যাওয়া নাগরিকদের মধ্যে যারা গ্রেফতার হচ্ছেন তাদের ৯০% পাকিস্তানি। পাকিস্তানি সেনেটর জুলফিকর হায়দর বলছেন, “এমনকি জাপানেও ভিক্ষাবৃত্তির জন্য যাচ্ছে পাকিস্তানিরা।”

খবরে আরও বলা হচ্ছে, এই পাকিস্তানি নাগরিকরা মানবপাচার চক্রের শিকার হচ্ছেন এবং ভিক্ষাবৃত্তির পাশাপাশি পকেটমারির সাথেও যুক্ত।

সেনেট কমিটির তরফে জানানো হয়েছে, অনেক পাকিস্তানি দক্ষ ও অদক্ষ শ্রমিক হিসেবে কাজ করার জন্যও বিদেশে যাচ্ছেন। সূত্রের খবর, সৌদি আরবে বর্তমানে ৩০ লক্ষ পাকিস্তানি নাগরিক রয়েছেন। এছাড়া, সংযুক্ত আরব আমিরশাহীতে ১০ লক্ষাধিক এবং কাতারে ০.২ মিলিয়ন পাকিস্তানি নাগরিক বসবাস করছেন।

উল্লেখ্য যে, পাকিস্তানের বিরুদ্ধে ভারত-সহ বিভিন্ন দেশে সন্ত্রাসবাদ ছড়ানোর অভিযোগ রয়েছে। এরপর নতুন করে অভিযোগ উঠেছে বিশ্বের নানা দেশে ভিক্ষাবৃত্তি করার। ইরাক ও সৌদি আরবের দূতাবাসের তরফে জানানো হয়েছে, সেদেশের কারাগারগুলি পাকিস্তানি বন্দিতে ভরে উঠেছে।

সূত্রের খবর, পাকিস্তানের দারিদ্র ক্রমশ বাড়ছে। বিশ্বব্যাঙ্কের তথ্যানুসারে, নতুন করে ১ কোটি ২০ লক্ষের বেশি নাগরিক পাকিস্তানে দারিদ্রের কবলে পড়েছেন। মোট ৯ কোটি ৫০ লক্ষ পাকিস্তানি দারিদ্র কবলিত। এই পরিস্থিতি থেকে রেহাই পেতে পাকিস্তানে আর্থিক সংস্কার করা প্রয়োজন। গত ১ বছরে পাকিস্তানের দারিদ্র্যের হার ৩৪.২ শতাংশ খেকে বেড়ে ৩৯.৪ শতাংশে এসে পৌঁছেছে।

এই পরিস্থিতি সমাধানের জন্য পাকিস্তান সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার প্রয়োজন। দারিদ্র্য দূরীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং মানবপাচার রোধে ব্যবস্থা গ্রহণ করতে হবে।