‘মাথা ঘুরে পড়লেও ধাক্কা দেওয়ার অনুভূতি হতে পারে’, মমতার বুলেটিনের ব্যাখ্যা দিলো SSKM

মাথায় চোট লেগে আহত হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। তার গুরুতর আহত হওয়ার ছবি প্রথম প্রকাশ করে তৃণমূল কংগ্রেস। এরপরই তার সুস্থতা কামনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক পোস্ট দিতে থাকেন ভারতের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা।

এক্স বার্তায় নরেন্দ্র মোদী মমতা ব্যানার্জীর দ্রুত সুস্থতার পাশাপাশি সুস্বাস্থ্যের কামনা করেছেন।

ভারতের ভাইস-প্রেসিডেন্ট জগদীপ ধনকার মুখ্যমন্ত্রীর স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন এবং মমতার দ্রুত আরোগ্য কামনা করেছেন।

কলকাতার হাজরার বাড়িতে পেছন থেকে ধাক্কা লাগার কারণে পড়ে যান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। তাতেই মুখ থুবড়ে পড়েন মমতা। এতে মাথায় গভীরভাবে কেটে যায়, নাকেও চোট পান মুখ্যমন্ত্রী। চিকিৎসা শেষে রাতেই হাসপাতাল থেকে হাজরার বাড়িতে ফিরে যান তিনি।

রাতে SSKM অধিকর্তা মণিময় বন্দ্য়োপাধ্যায় মেডিক্যাল বুলেটিনে বলেন, ‘নিজের বাড়িতে পিছন থেকে ধাক্কায় (পুশ ফ্রম বিহাইন্ড)-এ মমতা বন্দ্যোপাধ্যায় পড়ে যান। তাঁর কপালে গভীর ক্ষত তৈরি হয়েছে।’

‘হাসপাতালে নিয়ে আসার পর মমতা বন্দ্যোপাধ্যায় চিকিৎসকদের একাংশকে বলেন, পিছন থেকে ধাক্কা অনুভব করেন তিনি এবং পড়ে যান।’ তিনি আরও দাবি করেন, ‘যদি মাথা ঘুরে কেউ পড়ে যান সেক্ষেত্রে এই রকম পুশ ফ্রম বিহাইন্ড বা পিছন থেকে ধাক্কা দেওয়ার অনুভূতি হতে পারে। মুখ্যমন্ত্রী সেই সময় হয়তো বলতে চেয়েছিলেন পড়ে যাওয়ার সময় তাঁর পিছন থেকে ধাক্কা অনুভূত হয়।এর মানে নয় যে কেউ তাঁকে ধাক্কা দেয়।’