Agni-V মিসাইলের সাফল্য! ভারতীয় দূতাবাসের ট্যুইটে ঘুম উড়ল এবার চীনের

MIRV প্রযুক্তিতে সজ্জিত ভারতের Agni-V মিসাইলের সফল পরীক্ষা চিনের উদ্বেগ বৃদ্ধি করেছে। এই প্রযুক্তি সম্পন্ন ক্ষেপণাস্ত্র তৈরিতে বিশ্বের কয়েকটি দেশের মধ্যে ভারত এখন অন্তর্ভুক্ত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং “মিশন দিব্যাস্ত্র”-এর অধীনে Agni-V ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষার তথ্য জানিয়েছেন। এই বিশেষ কৃতিত্ব দেশের জন্য গর্বের বিষয় হলেও, শত্রুপক্ষ, বিশেষ করে চিন ও পাকিস্তান ভীত হয়ে পড়েছে।

প্রধানমন্ত্রী মোদী সোমবার সন্ধ্যায় এক্স-এ (পূর্বে টুইটার) DRDO-র বিজ্ঞানীদের প্রশংসা করে একটি পোস্ট করেন। চিনে ভারতীয় দূতাবাস প্রধানমন্ত্রীর পোস্টটি উদ্ধৃত করে “দিব্যাস্ত্র” শব্দটি লিখে। এই পোস্ট ভাইরাল হয়েছে। ভারতীয় ব্যবহারকারীরা মনে করছেন, ভারতীয় দূতাবাসের এই পোস্ট চিনকে সতর্ক করার বার্তা। Agni-V মিসাইলের রেঞ্জ ৫,০০০ কিলোমিটারের বেশি, যার অর্থ চিন এই ক্ষেপণাস্ত্রের রেঞ্জের মধ্যে রয়েছে।

MIRV (মাল্টিপল ইন্ডিপেনডেন্টলি টার্গেটেবল রি-এন্ট্রি ভেহিক্যাল) প্রযুক্তি ব্যবহার করে একটি মিসাইল থেকে একাধিক পারমাণবিক ওয়ারহেড নিক্ষেপ করা সম্ভব। প্রতিটি ওয়ারহেড বিভিন্ন গতিতে বিভিন্ন দিকে যাওয়ার জন্য প্রোগ্রাম করা যেতে পারে। MIRV প্রযুক্তিতে সজ্জিত Agni-V মিসাইল একে অপরের থেকে কয়েকশো কিলোমিটার দূরে অবস্থিত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।

চিনে ভারতীয় দূতাবাস সোমবার সন্ধ্যা ৭.০৮ মিনিটে তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে। অনেক ব্যবহারকারী মনে করছেন, এই পোস্ট চিনের প্রতি ভারতের বার্তা। একজন ব্যবহারকারী লিখেছেন, “**বেইজিং, মস্কো, ইস্তাম্বুল… সবই এখন রাডারে।” আরেক ব্যবহারকারী লিখেছেন, “অবশেষে এখন ভারত চিন যে ভাষায় বোঝে সেই ভাষায় জবাব দিচ্ছে।”