বিচারপতি পদ থেকে ইস্তফা অভিজিৎ গাঙ্গুলির, রাজনীতিতে যোগদান নিয়ে আজই হবে ঘোষণা?

কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজ সকাল সাড়ে দশটার সময় পদত্যাগ করেছেন। তিনি দেশের রাষ্ট্রপতি ও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে পদত্যাগপত্র পাঠাবেন।
মঙ্গলবার সকাল সাড়ে দশটার পর তিনি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির সাথেও দেখা করেছেন।
বিচারপতি গঙ্গোপাধ্যায় গত রবিবার ঘোষণা করেছিলেন যে তিনি পদত্যাগ করবেন। তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।
বিচারপতি গঙ্গোপাধ্যায় এদিন বলেন, ‘আমি আমার সমস্ত কাজ শেষ করেছি। শুনানিও প্রায় শেষ হয়ে এসেছে। কিন্তু, রায় দেওয়া হয়নি। এই সমস্ত মামলার রায় এখন দেব।’ এদিন এক মহিলা কাঁদতে কাঁদতে বলেছিলেন, ‘আপনার পায়ে হাত দিয়ে একবার প্রণাম করতে চাই। আমার ছেলে আপনার জন্য চিকিৎসা করতে পেরেছে। আপনি চলে যাবেন শুনে খুবই কষ্ট পেয়েছি। আমার জন্য আপনি যা যা করেছেন তাঁর জন্য কৃতজ্ঞ।’
বিচারপতি এদিন বলেন, ‘আমি পায়ে হাত দিয়ে প্রণাম নিই না। কলকাতা হাইকোর্টে আমার ২৯ থেকে ৩০ বছর হয়ে গেল। এর থেকে দুঃখের আর কিছু নেই। একদিন না একদিন আমাকে যেতে হতো। আজ না হোক কাল।’
মনে করা হচ্ছে, এদিনই তিনি বড় কোনও ঘোষণা করতে পারেন। কারণ, মঙ্গলবারই তিনি সমস্ত প্রশ্নের জবাব দেবেন বলে জানিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।