“শাহজাহানের মতো লোকেদের বরদাস্ত নয়”-DM-SP দের কড়া নির্দেশ দিলো নির্বাচন কমিশন

সোমবার সকালে, নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ রাজ্যের সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথে বৈঠক করে। এই বৈঠকের পর রাজ্য পুলিশ-প্রশাসনের সাথে পৃথক বৈঠক করেন নির্বাচন কমিশনের প্রতিনিধিরা।
হিংসা বন্ধ করতে রাজ্য প্রশাসনকে কড়া হাতে ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয় কমিশনের তরফে। রাজ্যের প্রতিটি জেলার এসপি সহ অন্যান্য পুলিশ কর্তা, জেলাশাসকদের সঙ্গে বৈঠক করেন নির্বাচন কমিশনের প্রতিনিধিরা। সেখানেই কমিশনের তরফে জানিয়ে দেওয়া হয়, রাজ্যের হিংসা বন্ধ করতে কড়া পদক্ষেপ গ্রহণ করতে হবে।
হিংসা বন্ধে প্রশাসন কী করছে সে ব্যাপারে জানতে চাওয়া হয়। পাশাপাশি, এটাও জানিয়ে দেওয়া হয়, কমিশন কিন্তু সব নজর রাখছে। কমিশন চুপ করে বসে থাকবে না। প্রতিটি জেলার জেলাশাসককেও এই বিষয়ে নির্দেশিকা দেওয়া হয়েছে।
কমিশনের এই বৈঠকে উঠে আসে শেখ শাহজাহান ও সন্দেশখালির প্রসঙ্গ।
কেন এরকম ঘটনা ঘটল? কমিশনের প্রশ্নের মুখে পড়েন বর্তমান ও প্রাক্তন এসপি। কমিশনের প্রশ্ন শুনে বর্তমান এসপি বলেন, ‘আমি নতুন এসেছি। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে।’
মুখ্য নির্বাচন কমিশনার তিরস্কার করে বলেন, ‘আপনাদের লজ্জা লাগে না। শেখ শাহাজান কে?’ এরকম লোককে ভোটের সময় বরদাস্ত করা হবে না। কমিশন জানায়, দাগী অপরাধীদের গ্রেফতার করতে হবে। তারা যেন এলাকায় না থাকে।