“আমিই রোহিতকে অধিনায়ক করেছি”-অবশেষে সত্যিটা ফাঁস সৌরভের

২০২১ সালের টি-২০ বিশ্বকাপে ভারতের হতাশাজনক পরাজয়ের পর বিরাট কোহলি টি-২০ ক্রিকেট দলের অধিনায়কত্ব ছেড়ে দিতে চান। সাদা বলেও স্প্লিট ক্যাপ্টেন্সি চাইছিলেন না নির্বাচকরা। এই কঠিন পরিস্থিতিতে রোহিত শর্মাকে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক করা হয়েছিল। বিরাটের হাত থেকে রাতারাতি ক্যাপ্টেন্সি ছিনিয়ে নেওয়ার ঘটনায় তীব্র সমালোচনাও হয়েছিল। অনেকেই মনে করেছিলেন তৎকালীন BCCI সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের এর পিছনে হাত ছিল। বিরাট নিজেও এই ইঙ্গিত দিয়েছিলেন।
সম্প্রতি রেভ স্পোর্টসকে দেওয়া একটি সাক্ষাৎকারে সৌরভ সত্যিটা ফাঁস করেছেন। তিনি বলেছেন, “আমিই রোহিত শর্মাকে অধিনায়ক করেছিলাম। কারণে ওর মধ্যে আমি যথেষ্ট প্রতিভা দেখতে পেয়েছিলাম। এখন রোহিত যেভাবে পারফর্ম করছে, তা দেখে আমি একেবারেই বিস্মিত নই।”
ঈশান কিষান ও শ্রেয়স আইয়ারের বার্ষিক চুক্তি থেকে বাদ দেওয়া নিয়েও মুখ খুলেছেন সৌরভ। তিনি বলেন, “BCCI-এর দাবি একটাই ছিল। প্রথম শ্রেণীর ক্রিকেট খেলতে হবে। কিন্তু, শ্রেয়স কেন রনজি ট্রফিতে খেলল না, সেটা ভেবেই আমি অবাক হচ্ছি। এটা একটা প্রিমিয়ার টুর্নামেন্ট। এখানে তো তোমাকে খেলতেই হবে। এটা BCCI-এর সিদ্ধান্ত। BCCI যেটা ভালো বুঝবে, সেটাই করবে। চুক্তিবদ্ধ প্রত্যেক ক্রিকেটারকে প্রথম শ্রেণীর ক্রিকেট খেলতেই হবে। এটা ক্রিকেটের বেসিক স্ট্রাকচার।”
সৌরভের এই স্পষ্টবাদিতা ক্রিকেট জগতে নতুন বিতর্কের সূত্রপাত করেছে। বিরাট ভক্তরা সৌরভের সমালোচনা করছেন। অন্যদিকে, BCCI-এর সিদ্ধান্ত সমর্থন করছেন অনেকে।
এই বিতর্ক কতদিন চলবে, সেটা এখনই বলা মুশকিল। তবে একটা জিনিস স্পষ্ট, সৌরভ কারো কথায় চুপ থাকতে চান না।