মার্চে টানা ৩ দিন বাস ধর্মঘটের হুঁশিয়ারি গোটা রাজ্য জুড়ে, নিত্যযাত্রীদের ভোগান্তির আশঙ্কা

১৮, ১৯ এবং ২০ মার্চ রাজ্য জুড়ে বাস ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছে গণ পরিবহণ বাঁচাও কমিটি। ১৫ বছরের পুরনো বাস বন্ধের বিরুদ্ধেই এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। এই ধর্মঘটের ফলে রাজ্য জুড়ে বাস যাত্রীদের ভোগান্তির আশঙ্কা তৈরি হয়েছে।

গণ পরিবহণ বাঁচাও কমিটির দাবি, ১৫ বছরের বেশি পুরনো বাস রাস্তায় চলার যে নির্দেশিকা রয়েছে, সেটা আপাতত বাতিল করতে হবে। আরও দুই বছর অন্তত সেই বাস চলার অনুমতি দিতে হবে। তাদের বক্তব্য, এই সিদ্ধান্তের ফলে প্রায় হাজার হাজার বাস বসিয়ে দিতে হবে এবং বাস মালিকদের অনেকটাই আর্থিক সংকটের মধ্যে পড়তে হবে।

অন্যদিকে, জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেট জানিয়েছে, করোনা কালে দুই বছর প্রায় বাসগুলি বসে ছিল। সেক্ষেত্রে অনেকটাই ক্ষতির মুখে পড়তে হয়েছে বাস মালিকদের। সেই কারণে, আপাতত এই নির্দেশিকা রদ করে আরও দুই বছর বাসগুলো চালানোর সিদ্ধান্ত নেওয়া হোক। এই দাবি নিয়ে রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর কাছে আবেদন জানানো হয়েছে। রাজ্য আবেদন না মানলে ধর্মঘটের পথে হাঁটবেন বলে জানিয়েছে জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেট।

তবে, সাব আরবান বাস সার্ভিসেস এই ধর্মঘটের বিরোধিতা করেছে। তাদের দাবি, বাস সংগঠনের সুবিধার্থে ইতিমধ্যেই একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। বকেয়া কর, সিএফ সহ একাধিক সুবিধা দেওয়া হয়েছে। সেক্ষেত্রে এরকম বাস ধর্মঘট করে যাত্রীদের ভোগান্তি বাড়িয়ে সুরাহা হবে না। সেক্ষেত্রে আলাপ আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান করার ব্যাপারে জানাচ্ছে সাব আরবান বাস সার্ভিসেস।

এই ধর্মঘট রাজ্যের পরিবহণ ব্যবস্থায় বড় প্রভাব ফেলবে বলে আশঙ্কা করা হচ্ছে। যাত্রীদের বিকল্প যানবাহনের উপর নির্ভর করতে হবে, যার ফলে যানজট বৃদ্ধি পেতে পারে। রাজ্য সরকার এবং বাস মালিক সংগঠন-এর মধ্যে আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান বের করার আশা করছেন যাত্রীরা।