BigNews: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী-রাজনীতিবিদকে গ্রেফতারের নির্দেশ দিলো আদালত

বলিউড অভিনেত্রী ও প্রাক্তন সাংসদ জয়া প্রদা আবারও আইনি জটিলতায় জড়িয়ে পড়েছেন। উত্তর প্রদেশের রামপুরের একটি আদালত তাকে ‘পলাতক’ ঘোষণা করেছে এবং অবিলম্বে গ্রেফতার করার নির্দেশ দিয়েছে।

২০১৯ সালের লোকসভা নির্বাচনে নির্বাচনী আইন লঙ্ঘনের অভিযোগে জয়া প্রদার বিরুদ্ধে রামপুরের কেমারি ও সোয়ার থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে।

এই মামলায় একাধিকবার জয়া প্রদাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হলেও তিনি গরহাজির ছিলেন। পর পর সাতবার জামিন অযোগ্য পরোয়ানা জারি করা হলেও পুলিশ তাকে গ্রেফতার করতে পারেনি।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) এই মামলার শুনানিতে বিচারক শোভিত বনসল জয়া প্রদাকে ‘পলাতক’ ঘোষণা করেন। রামপুরের পুলিশ সুপারকে নির্দেশ দেওয়া হয়, সার্কেল অফিসারের নেতৃত্বে একটি টিম গঠন করে আগামী ৬ মার্চের মধ্যে অভিনেত্রীকে আদালতে হাজির করাতে হবে।

উল্লেখ্য, ২০২৩ সালের আগস্টে থিয়েটার কর্মীদের ESI না মেটানোর অভিযোগে জয়া প্রদাকে দোষী সাব্যস্ত করেছিল চেন্নাইয়ের একটি আদালত। তাকে ছয় মাসের কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছিল।

২০১৯ সালের লোকসভা নির্বাচনে রামপুর থেকে বিজেপি প্রার্থী হিসেবে লড়াই করেছিলেন জয়া প্রদা। তবে সমাজবাদী পার্টির প্রার্থী আজম খানের কাছে পরাজিত হন। এর আগে ২০০৪ ও ২০০৯ সালে সমাজবাদী পার্টির টিকিটে রামপুর থেকেই লোকসভায় নির্বাচিত হয়েছিলেন তিনি। পরে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।

এই মুহূর্তে জয়া প্রদা কোথায় আছেন তা স্পষ্ট নয়। পুলিশ তাকে গ্রেফতার করার চেষ্টা করছে। এই ঘটনায় রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।