Petrol-Diesel: 84 টাকায় দেশের সবচেয়ে সস্তা পেট্রল, জেনেনিন ডিজেলের দামও

লোকসভা নির্বাচনের আগে দেশজুড়ে জ্বালানির দাম কমার জল্পনা শুরু হয়েছে। একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছে পেট্রল ও ডিজেলের দাম কমতে পারে। পেট্রলের দাম 10-11 টাকা পর্যন্ত সস্তা হতে পারে বলে আশা করা হচ্ছে। বর্তমানে চড়া দামে জ্বালানি বিক্রি হচ্ছে। এমন পরিস্থিতিতে পেট্রলের দাম 11 টাকা ও ডিজেলের দাম 6 টাকা কমলে জনগণের কষ্ট কিছুটা হ্রাস পাবে।

তবে এই চড়া বাজারেও দেশের সবচেয়ে সস্তা পেট্রল বিক্রি হচ্ছে মাত্র 84 টাকায়। কিন্তু এই দাম কলকাতা বা কোনও মেট্রো শহরে নয়।

আসলে 84.10 টাকা প্রতি লিটার হিসেবে পেট্রল বিক্রি হচ্ছে আন্দামানের পোর্ট ব্লেয়ারে। দেশের অন্য একাধিক প্রান্তের চেয়ে এই দাম অনেকটাই কম। আবার আন্দামানে প্রতি লিটার ডিজেলের রেট রয়েছে 79.74 টাকা প্রতি লিটার।

সারা দেশে জ্বালানির দাম কমার প্রভূত সম্ভাবনা

উল্লেখ্য বিষয় হল, বর্তমানে অপরিশোধিত তেলের দর অনেকটা কম রয়েছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সময় অপরিশোধিত তেলের দর ব্যারেল প্রতি 125 ডলার ছুঁয়ে ফেলেছিল। সেই দাম এবার নেমে এসেছে 80- 85 ডলারের মধ্যে। কিন্তু দেশে জ্বালানির দামে কোনও বদল আসেনি। শেষবার পেট্রল ও ডিজেলের দামে পরিবর্তন এসেছিল 2022 সালের মে মাসে।

যেহেতু অপরিশোধিত তেলের দর অনেকটাই সস্তা, তাই বর্তমানে পেট্রল ও ডিজেল বিক্রি করে বিপুল পরিমাণে লাভ পাচ্ছে সরকারি অয়েল কোম্পানিগুলো। এমন পরিস্থিতিতে সরকার পেট্রল ও ডিজেলের দাম কমানোর নির্দেশ দিয়ে আমজনতাকে কিছুটা স্বস্তি দিতে পারে বলে মনে করা হচ্ছে।

সাম্প্রতিক একটি রিপোর্টে দাবি করা হয়েছে, সরকারি তেল কোম্পানিগুলো এক লিটার পেট্রল বিক্রি করে বর্তমানে প্রায় 11 টাকা লাভ করছে। যা ডিজেলের ক্ষেত্রে প্রায় 6 টাকা।

এই লাভের কিছু অংশ সরকার জনগণের কাছে ফেরত দিতে পারে জ্বালানি দাম কমিয়ে।