SPORTS: অবশেষে জানা গেল আইপিএল শুরুর দিনক্ষণ, জেনেনিন কবে থেকে হবে শুরু?

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৭তম আসরের পর্দা উঠবে ২২ মার্চ। আসরের উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের বিপক্ষে মাঠে নামবে গুজরাট টাইটান্স।

ভারতীয় সংবাদমাধ্যমে এ তথ্য জানিয়েছেন ফ্র্যাঞ্চাইজি লিগটির গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান অরুণ ধুমাল। তিনি বলেন, ‘আসর শুরুর একটি তারিখ আমরা খুঁজেছি এবং সেটি মার্চের ২২ তারিখ। সরকারি সংস্থাগুলোর সাথে আমরা নিবিড়ভাবে কাজ করছি এবং এজন্য প্রাথমিক সূচি প্রকাশ করব।’

ধুমালের বরাতে দেশটির সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, এবারের আইপিএল দুই ভাগে হবে। প্রথম ১৫ দিনের সূচি আপাতত জানানো হবে। চেন্নাই এবং গুজরাট প্রথম ম্যাচটি খেলবে চেন্নাইয়ের এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে।

এবারের আইপিএলের মধ্যে ভারতীয় লোকসভা নির্বাচন ২০২৪ পড়বে। নির্বাচন হলেও আইপিএল দেশের বাইরে নিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। ‘পুরো আসরটি ভারতেই হবে’ বলে নিশ্চিত করেছেন আইপিএলের গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান।