মৌমাছির আক্রমণে বিয়ে বাড়িতে বিপর্যয়, কামড় খেয়ে হাসপাতালে অতিথিরা

মধ্যপ্রদেশের গুনা জেলার কস্তুরী গার্ডেন নামক একটি হোটেলে বিয়ের আনন্দে বিষময় মোড় ঘুরে গেল। বিয়ের অনুষ্ঠান চলাকালীন হোটেলের ছাদে থাকা মৌমাছির পালের আক্রমণে অসুস্থ হয়ে পড়েন ১২ জন অতিথি। আতঙ্কিত হয়ে অন্যরা পালানোর চেষ্টা করেন।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, মৌমাছির কামড়ে আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়েছে। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গেছে, বিয়ের আসর বসেছিল হোটেলের ছাদে, যেখানে ছিল একটি বড় মৌমাছির চাক। বিয়ের দিন ঝাঁকে ঝাঁকে মৌমাছি ছাদ থেকে উড়ে এসে অতিথিদের উপর চড়াও হয়। আতঙ্কিত অতিথিরা মৌমাছির কামড় থেকে বাঁচতে হুড়োহুড়ি পড়ে যান। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যায়, মৌমাছির কামড়ে অনেকে ব্যথায় মাটিতে শুয়ে পড়ে কাতরাচ্ছেন।
এই ঘটনায় বিপাকে পড়েছে হোটেল কর্তৃপক্ষ। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বরযাত্রীরা।