সুচিত্রা সেন স্মরণে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বাংলাদেশে! অংশ নেবেন ঋতুপর্ণা

মহানায়িকা সুচিত্রা সেনের জন্মমাস উপলক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রে আয়োজন করা হচ্ছে ‘সুচিত্রা সেন আন্তর্জাতিক বাংলা চলচ্চিত্র উৎসব’। এই উৎসবের আয়োজন করছে ‘সুচিত্রা সেন মেমোরিয়াল ইউএসএ’। ২০ ও ২১ এপ্রিল জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে অনুষ্ঠিত হবে এই দুই দিনব্যাপী উৎসব।

এই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে ঢাকায় যাচ্ছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। আগামী বৃহস্পতিবার ঢাকায় জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হবে এই উৎসবের সংবাদ সম্মেলন। ঋতুপর্ণা সেদিন ঢাকায় থাকবেন এবং সংবাদ মাধ্যমের সাথে কথা বলবেন।

তিনি বলেন, ‘আশা করছি, ঢাকায় আমার প্রিয় মুখগুলোর সঙ্গে আবার দেখা হবে। আমাকে এমন সম্মানজনক একটি উৎসবে অতিথি করার জন্য আমি ভীষণ গর্বিত।’

এই উৎসবে দুই বাংলার ১০টি ফিচার ফিল্ম, ৫টি তথ্যচিত্র এবং ৫টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হবে। সুচিত্রা সেনের জন্মমাস উপলক্ষে এই উৎসবের আয়োজন করা হলেও এখনো পর্যন্ত কোন সিনেমা দেখানো হবে সেটা প্রকাশ করা হয়নি।

চলচ্চিত্র উৎসবের বিচারকদের মধ্যে রয়েছেন পরিচালক মোরশেদুল ইসলাম, ভারতীয় পরিচালক বেদব্রত পাইন এবং নিউ ইয়র্কের স্কুল অব ভিজ্যুয়াল আর্টসের চলচ্চিত্রবিষয়ক শিক্ষক মেরি লি গ্রিসান্তি।