“আমার স্বামীকে হত্যা করিয়েছেন পুতিন?”-মৃত্যুসংবাদ বিশ্বাসে নারাজ স্ত্রী

রাশিয়ার জেলে রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে কট্টর পুতিন সমালোচক অ্যালেক্সি নাভালনির। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তার, নাকি জেলের মধ্যেই তাঁর উপর বিষপ্রয়োগ করা হয়েছে? এই ঘটনাকে কেন্দ্র করে বিতর্কের ঝড় উঠেছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সরাসরি পুতিনের দিকে ইঙ্গিত করে বলেছেন, “নাভালনি মারা গেলে পুতিনকে এর পরিণতি ভোগ করতে হবে।” মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসও পুতিনের সমালোচনা করে বলেছেন, “নাভালনির মৃত্যু নিশ্চিত হলে তা হবে পুতিনের নিষ্ঠুরতার আরও একটি নিদর্শন।”
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদেমির জেলেনস্কি আরও স্পষ্ট করে বলেছেন, “নাভালনিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হত্যা করেছেন।”
নাভালনির স্ত্রী ইউলিয়া নাভালনায়াও রুশ সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। তিনি বলেছেন, “পুতিন কিংবা পুতিনের সরকারকে আমরা বিশ্বাস করি না। ওরা সর্বদা মিথ্যা কথা বলে।”
নাভালনির বিধবা স্ত্রী বলেন, ‘যদি এ খবর সত্যি হয়, আমি চাই পুতিন, তাঁর এই সাম্রাজ্য, তাঁর বন্ধুরা, তাঁর সরকার সকলেই জেনে রাখুক, শাস্তি হবেই। আমার দেশ, আমার দেশের নাগরিক, আমার পরিবার, আমার স্বামীর সঙ্গে যে অন্যায় হল, একটা দিন আসবে যখন এর যোগ্য শাস্তি হবে। সে দিন আর বেশি দূরে নয়। রাশিয়া একটা ভয়ংকর দেশে পরিণত হয়েছে।’
এই ঘটনায় পুতিনের ভূমিকা নিয়ে বিতর্ক চলছে।