গুরুতর অসুস্থ মেয়র ফিরহাদ হাকিম, ভর্তি হাসপাতালে

জানুয়ারিতে কোমরের ব্যথায় হাসপাতালে ভর্তি হওয়ার পর আবারও অসুস্থ হয়ে পড়েছেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। ডিহাইড্রেশনের কারণে তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফিরহাদ হাকিম বঙ্গ রাজনীতির একজন কর্মঠ নেতা। তিনি শহর কলকাতার দায়িত্ব সামলানো থেকে শুরু করে পুর নগরোন্নয়ন দফতরে দায়িত্ব – সমস্ত কিছুই একা হাতে সামাল দেন। তাঁর হঠাৎ অসুস্থতা তাই রাজনৈতিক ও সামাজিক মহলে চাঞ্চল্য সৃষ্টি করেছে।

চিকিৎসকরা জানাচ্ছেন, ফিরহাদ হাকিমের শারীরিক অবস্থা নিয়ন্ত্রণে আছে এবং তাঁর বর্তমানে কোনও উদ্বেগের কারণ নেই। তবে তাঁর শারীরিক সমস্যার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

এর আগে, চলতি বছরের শুরুতে কোমরের ব্যথায় ভুগেছিলেন ফিরহাদ হাকিম। সেই সময় তাকে একটি বিশেষ ইনজেকশন দেওয়া হয়েছিল।

২০১৮ সালে কলকাতা পুরসভার মেয়র পদ থেকে ইস্তফা দেন শোভন চট্টোপাধ্যায়। সেই সময় ফিরহাদ হাকিমকে এই দায়িত্ব দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম ভরসাযোগ্য সৈনিক ফিরহাদ হাকিম। তিনি লোকসভা নির্বাচনের আগে প্রচারের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন বলে মনে করা হচ্ছে।