অসহায়ের পাশে মন্ত্রী, অনাথ মেয়ের বিয়ের আয়োজনে উদয়ন গুহ

দিনহাটা প্রথম খণ্ড ভাঙনি গ্রামের গোপাল দাসের লালিত পালিত মেয়ে লক্ষ্মীর বিয়ে সম্পন্ন হয়েছে। বিয়ের সমস্ত দায়িত্ব নিয়েছিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ।

ছোটবেলায় বাজারে লক্ষ্মীকে অসহায় অবস্থায় পেয়েছিলেন গোপাল দাস। নিজের মেয়ের মতোই তাকে বড় করে তুলেছেন। বিয়ের বয়স হলে খরচের চিন্তায় পড়েন গোপাল।

প্রতিবেশীদের পরামর্শে গোপাল দাস উদয়ন গুহর কাছে সাহায্যের জন্য যান। মন্ত্রী বিয়ের সমস্ত দায়িত্ব নিয়ে নেন।

সোমবার দিনহাটা মুক্তধারা ক্লাবে অনুষ্ঠিত হয় বিয়ে। ২০০ জন অতিথির জন্য খাওয়াদাওয়ার ব্যবস্থা করা হয়। মন্ত্রী কলকাতায় থাকায় অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।

এই প্রসঙ্গ উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ বলেন, ‘মানুষের পাশে দাঁড়ানোটা আমাদের দায়িত্ব। ওদের বিবাহিত জীবন সুখে কাটুক এই কামনা করি।’

মন্ত্রীর উদার পদক্ষেপের জন্য স্থানীয়রা তাকে ধন্যবাদ জানাচ্ছেন। নবদম্পতিকে আগামী জীবনের জন্য শুভেচ্ছা জানানো হচ্ছে।