“থানা ভেঙে শ্রীকৃষ্ণের মন্দির বানাব”-সন্দেশখালিতে পুলিশের ভূমিকায় রেগে গেলেন BJP নেতা

গত কয়েকদিন ধরে উত্তপ্ত সন্দেশখালি। লাঠি, ঝাঁটা নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন মহিলারা। জারি করা হয়েছে ১৪৪ ধারা। এই পরিস্থিতিতে কেরল সফর কাটাছাঁট করে রাজ্যে ফিরেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
রাজভবন সূত্রে জানা গেছে, আগামিকাল সোমবার রাজ্যপাল সন্দেশখালি যাবেন। সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখবেন তিনি। কথা বলবেন সাধারণ মানুষের সঙ্গে।
বিরোধী দলনেতা বিধায়কদের নিয় রাজভবনে যান। তাঁরা সন্দেশখালি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ২৪ ঘণ্টার সময়সীমাও দিয়ে আসেন। রাজ্যপাল নবান্নে ইমেল পাঠিয়ে সন্দেশখালি সম্পর্কে রিপোর্ট চেয়ে পাঠান। রাজ্যের মুখ্যসচিবকে লেখা চিঠিতে রাজ্যপাল লেখেন, সন্দেশখলিতে মহিলাদের ওপর নির্যাতনের অভিযোগ অত্যন্ত গুরুতর ও উদ্বেগজনক।
বিজেপি নেতা রাজীবের বক্তব্য, ‘‘সন্দেশখালিতে বর্বরতা চলছে। আমরা কি ২০২৪ সালে বাস করছি? ভারত যেখানে বিশ্বগুরু হয়ে দুনিয়াকে পথ দেখাচ্ছে সেখানে তৃণমূলের পার্টি অফিসে মহিলাদের নির্যাতন করা হচ্ছে! কোন রাজ্যে বাস করছি? এতে সম্পূর্ণ মদত আছে পুলিশ-প্রশাসনের। তাই পুলিশ-প্রশাসনকে বলা, তারা যদি আগামিদিনে পদক্ষেপ না করে, তা হলে যুব মোর্চাই পদক্ষেপ করবে এবং থানা থেকে ইট খুলে নিয়ে এসে আমরা শ্রীকৃষ্ণের মন্দির বানাব।’