ঘরোয়া ক্রিকেটে তুলেছেন ঝড়! তামিলনাড়ুর বিরুদ্ধে ফের শতরান করলেন পাডিক্কাল

ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় ব্যাটারদের পারফরম্যান্স নিয়ে সমালোচনা চললেও, এক তরুণ ব্যাটসম্যান ঘরোয়া ক্রিকেটে ঝড় তুলেছেন। লখনউ সুপার জায়ান্টসের তারকা কেএল রাহুলের সতীর্থ দেবদত্ত পাডিক্কাল এখন ভারতীয় ক্রিকেট মহলের আলোচনার কেন্দ্রবিন্দু।
ধারাবাহিক রানের মাধ্যমে টিম ইন্ডিয়ায় জায়গা করে নেওয়ার জন্য কড়া নাড়ছেন পাডিক্কাল।
২০২৪ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত প্রথম শ্রেণীর ক্রিকেট মিলিয়ে আটটি ম্যাচে খেলেছেন পাডিক্কাল। এই আট ম্যাচের চার ইনিংসেই তিনি হাঁকিয়েছেন সেঞ্চুরি।
শুক্রবার থেকে শুরু হওয়া তামিলনাড়ুর বিরুদ্ধে রঞ্জি ম্যাচেও তিনি শতরান করে ফেলেছেন। তিনি প্রথম দিনের শেষে ২১৬ বলে ১৫১ করে অপরাজিত রয়েছেন।
এই বছর ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধেও সেঞ্চুরি হাঁকিয়েছিলেন পাডিক্কাল। তার আগে গোয়া এবং পাঞ্জাবের বিরুদ্ধেও রঞ্জির ম্যাচে সেঞ্চুরি করেছিলেন কর্ণাটকের এই ব্যাটসম্যান।
প্রথম-শ্রেণীর ক্রিকেটে দেবদত্তের ধারাবাহিকতা অবশ্যই ভারতীয় নির্বাচকদের দৃষ্টি আকর্ষণ করেছে।
রাজস্থান রয়্যালস থেকে দেবদত্ত পাডিক্কালকে লখনউ সুপারজায়ান্টস তাদের শিবিরে অন্তর্ভুক্ত করেছিল। এমন পরিস্থিতিতে এবার কেএল রাহুলের নেতৃত্বে আইপিএল খেলতে দেখা যাবে দেবদত্ত পাডিক্কালকে।
মজার বিষয় হল, কেএল রাহুলও তাঁর প্রথম শ্রেণির ক্রিকেট ক্যারিয়ারও শুরু করেছিলেন কর্ণাটকের হয়েই।